
সৌরভ গাঙ্গুলি
শেষ আপডেট: 23 March 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: দাদা স্নেহাশিস গাঙ্গুলি (Snehashis Ganguly) বর্তমানে সিএবি (CAB) প্রেসিডেন্ট। নিয়ম অনুযায়ী, ইডেনে (Eden Gardens) আগামি ৬ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ (KKR vs LSG) নিয়ে তাঁরই অবগত থাকার কথা। আপাতত তিনি অন্ধকারে। ইতিবাচক কিংবা নেতিবাচক—মিলল না কোনও জবাব।
ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সিএবি তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। বোর্ডের কোনও পদেও এই মুহূর্তে নেই। অথচ তাৎপর্যপূর্ণভাবে নিয়মের বাইরে বেরিয়েই সৌরভ জানালেন, চর্চায় থাকা ম্যাচটি ইডেনে নির্ধারিত দিনে আয়োজিত হতে চলেছে।
উল্লেখ্য, গত পরশু কলকাতা পুলিশ রামনবমীর দিনে আয়োজিত হতে চলা ম্যাচ নিয়ে এক্স হ্যান্ডলে জানায়, সম্প্রতি তাদের দর্শক সামলানোয় অপরাগতা নিয়ে যে পোস্টগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা বিভ্রান্তিকর ও অসত্য। সাধারণ মানুষকে পরিষেবার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
সেই পোস্টের দৃষ্টি আকর্ষণ করেই সৌরভ মন্তব্য করেন, ‘আগামি দিনে কী হয়, তার জন্য অপেক্ষা করুন আর দেখে যান। কলকাতা পুলিশের গতকালের পোস্টটা কি আপনারা দেখেছেন?আমার মনে হয় না ম্যাচ অন্যত্র সরবে বলে।‘এরপর তিনি জুড়ে দেন, ‘আইপিএলে যদিও আমি দিল্লিকে সমর্থন করছি।‘
প্রসঙ্গত, এই জলঘোলায় হাত মিলিয়েছে বিসিসিআইও। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা কলকাতা পুলিশের সঙ্গে ম্যাচের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কীভাবে পুলিশ তাদের বাহিনীকে কাজে লাগাবে তা নিয়ে বিচার, পর্যালোচনা চালাচ্ছে বলেও বিসিসিআই সূত্রে খবর।
গোটা বিতর্ক দানা বাঁধে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির একটি মন্তব্যে। ৬ এপ্রিলের ম্যাচ ইডেনে নাও হতে পারে কিংবা দিন অপরিবর্তিত রেখে ভেন্যু বদলে দেওয়া হবে আর এর কারণ, কলকাতা পুলিশের ওইদিন রামনবমীর শোভাযাত্রা সামলানোয় ব্যস্ত থাকা। জানিয়ে দেন তিনি। এরপর দফায় দফায় নিজের অবস্থান বদল করেন স্নেহাশিস। বিতর্ক বাড়ায় কলকাতা পুলিশের পোস্ট। যেখানে সাফ জানানো হয়, ৬৫ হাজার দর্শকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের কোনও অসুবিধে নেই।