2.png)
জশপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 23 April 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই শিবিরে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যেন বাড়তি অক্সিজেন হয়ে ফিরে এসেছেন। চোটের জন্য চলতি আইপিএলের প্রথম দিকে ‘বুমবুম’কে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দলের পারফরম্যান্সও তখন ছিল হতশ্রী। আর ভারতের এই স্পিডস্টার ফিরতেই জয়ের হ্যাটট্রিক মুম্বইয়ের। পাশাপাশি গত ম্যাচে ফর্মে ফিরেছেন রোহিত শর্মাও।
গত কয়েক বছর ধরেই মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের অন্যতম কারিগর বুমরাহ। ২০১৩ সাল থেকে আরব সাগরের তীরের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে চলেছেন তিনি। ১৪০ ম্যাচে তিনি নিয়েছেন ১৭২টি উইকেট। ইকোনমি ৭.৩১। মুম্বই জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারি হিসাবে বুমরাহর ঠিক আগেই রয়েছেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। শ্রীলঙ্কার এই পেসার ১৩৯ ম্যাচে নিয়েছেন ১৯৫টি উইকেট। তবে মালিঙ্গা অবসর নিয়ে নিয়েছেন। তাই বুমরাহর কাছে মুম্বইয়ের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে ওঠাটা এখন সময়ের অপেক্ষা।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন তালিকায় নাম লেখানো ক্রিকেটার। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং ১৫৪ ম্যাচে নিয়েছেন ১৪৭টি উইকেট।
এদিকে আজ সন্ধে সাড়ে সাতটায় নিজামের শহরে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই হয়তো মালিঙ্গার সঙ্গে কিছুটা হলেও ব্যবধান কমিয়ে নিতে পারবেন বুমরাহ। এখন দেখার ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিস্ফোরক ওপেনিং জুটি বুমরাহকে কতটা সামলাতে পারে।