
ভিগ্নেশ পুথুর
শেষ আপডেট: 1 May 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Sppiner)। কিন্তু তার আগেই আরব সাগরের তীরের ফ্র্যাঞ্চাইজিতে এল দুঃসংবাদ। চোটের (Injury) জন্য ছিটকে গেলেন (Ruled Out) দলের নির্ভরযোগ্য স্পিনার ভিগ্নেশ পুথুর (Vignesh Puthur)। বাঁহাতি এই রিস্ট স্পিনার এবারের আইপিএলে মুম্বই জার্সিতে যথেষ্ট নজর কেড়েছেন।
চলতি আইপিএলে শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। হারের সরণিতে ঢুকে পড়েছিল তারা। কিন্তু চোট কাটিয়ে জশপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন ও রোহতি শর্মা ফর্মে ফেরার পরই থেকেই নতুন চেহারা এমআইয়ের। পরপর জিতে দশ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের থার্ড বয় তারা। আজ রাজস্থানকে হারালেই প্লে অফের অনেকটা কাছে চলে যাবে মুম্বই।
তবে রাজস্থান ম্যাচে পুথুরকে না পাওয়ায় চিন্তার স্রোত বইছে মুম্বই শিবিরে। যে ক’টি সুযোগ পেয়েছেন, দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমকি নিয়েছেন কেরলের এই ২৪ বছরের স্পিনার। আইপিএলে এবারই অভিষেক হয়েছে ভিগ্নেশের। সিএসকে’র বিরুদ্ধে অভিষেক ম্যাচেই পেয়েছিলেন ৩ উইকেট। পাঁচ ম্যাচে ৬ উইকেট পাওয়া হয়ে গিয়েছে তাঁর। এবার সেই ভিগ্নেশই ছিটকে গেলেন পায়ে চোট পেয়ে। মুম্বই তাঁর পরিবর্তে দলে নিয়েছে আনক্যাপড লেগস্পিনার রঘু শর্মাকে (Raghu Sharma)।
মুম্বইয়ের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, “দলের সঙ্গেই থাকবেন ভিগ্নেশ। ওর উপর নজর রাখবে মুম্বই ইন্ডিয়ান্সের মেডিক্যাল টিম। দলের সঙ্গে থেকেই ও রিহ্যাব করবে।”
ভিগ্নেশের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ৩২ বছর বয়সি রঘু ছিলেন মুম্বইয়ের নেট বোলার। ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে মূল দলে যোগ দিয়েছেন তিনি। পুথুরের মতো এটাই তাঁরও প্রথম আইপিএল হতে চলেছে।