
বিজেন্দ্র সিং
শেষ আপডেট: 1 May 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৪ বছর বয়সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এমন কীর্তি গড়েছে যে, গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। বিহারের এই বাঁহাতি ব্যাটার এত কম বয়সে আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে চমকে দিয়েছে। এই ইনিংসের পর পুরো বিশ্ব তাকে নিয়ে আলোচনা শুরু করেছে। ক্রিকেট দুনিয়া বৈভব সূর্যবংশীকে স্যালুট জানাচ্ছে। কিন্তু এই আবহেই বেশ কিছু মানুষ তাকে নিয়ে প্রশ্ন তুলছেন। এমনই একজন হলেন ভারতের কিংবদন্তি বক্সার বিজেন্দ্র সিং (Indian Boxer Vijender Singh)।
অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বিজেন্দ্রর অভিযোগ (Complain), ক্রিকেটেও বয়স ভাঁড়ানো (Fake Age) হচ্ছে। যা শাস্তিযোগ্য (Punishable) অপরাধ। বৈভবের বিস্ফোরক ব্যাটিংয়ের পর, বিজেন্দ্র সিং সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, “আজকাল মানুষ বয়স কমিয়ে ক্রিকেট খেলতে শুরু করেছে।” এই পোস্ট দেখে মনে হচ্ছে বিজেন্দ্র বৈভবের প্রসঙ্গই তুলেছেন।
প্রাক্তন এই বক্সারের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যদিও অনেকেই বিজেন্দ্র সিংকে তুলোধনা করেছেন। অনেকেই লিখেছেন, তার প্রতিভা দেখুন, বয়স নয়।
বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগের পিছনে বেশ কিছু কারণ দেখানো হচ্ছে। বিহারের এই ক্রিকেটারের বয়স ১৪ বছর হলেও তার উচ্চতা বেশ বড়। আর তার শটগুলিও অসাধারণ। বলে বলে ৯০ মিটারের লম্বা ছক্কা মারছে বৈভব, যা ১৪ বছরের কোনও বালকের পক্ষে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। তবে, বিসিসিআইয়ের বয়সভিত্তিক ক্রিকেটে বৈভব সূর্যবংশী কখনও বয়স-সম্পর্কিত বিষয়ে অভিযুক্ত হননি।
তবে, যদি কোনও ভারতীয় ক্রিকেটার বয়স জালিয়াতির অভিযোগে ধরা পড়েন, তাহলে বিসিসিআই (BCCI) তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। সেই খেলোয়াড়কে নিষিদ্ধও করা হতে পারে। বয়স জালিয়াতির অভিযোগে অভিযুক্ত একজন ক্রিকেটার দুই বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন, এই সময়ের মধ্যে তিনি বিসিসিআই-এর সঙ্গে সম্পর্কিত কোনও টুর্নামেন্ট বা লিগেও খেলতে পারবেন না। এর আগে অঙ্কিত বাওনে, নীতিশ রানা, রসিক সালাম, মনজ্যোৎ কালরা, প্রিন্স রামনিবাস যাদবকেও বয়স জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।