2.png)
বীরেন্দ্র সেহওয়াগ
শেষ আপডেট: 19 April 2025 16:32
দ্য ওয়াল ব্যুরো: একদিন আগেই অবসর নিয়ে রোহিত শর্মাকে (Rohit Sharma) বাউন্সার দিয়েছিলেন নজফগড়ের নবাব। এদিন ফের তাঁর বাউন্সার ধেয়ে এল। এবার বীরু বাউন্সার (Bouncer) দিলেন রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers)। স্পষ্ট বক্তা হিসাবে খ্যাত বীরেন্দ্র সেহওয়াগ (Birendra Sehwag) সাফ বলে দিলেন, এবারও আরসিবির খেতাব জয়ের কোনও সম্ভাবনা তিনি অন্তত দেখছেন না।
শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা তৃতীয়বারের মতো ঘরের মাঠে হেরে গিয়েছে। ১৮ এপ্রিল পাঞ্জাব কিংস ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে তাদের পরাজিত করে। আরসিবির এই শোচনীয় পরাজয়ের পিছনে ব্যাটারদেরই দায়ী করেছেন দলের অধিনায়ক রজত পাটিদার। ১৪ ওভারে তারা করে মাত্র ৯৫ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অধিনায়ক রজত পাটিদার (২৩ রান) এবং টিম ডেভিড (৫০ রান) কোনওভাবে দলের সম্মান রক্ষা করেন। এই খারাপ পারফরম্যান্স দেখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ বেঙ্গালুরুর ব্যাটারদের লক্ষ্য করে বলেছেন, মিডল অর্ডারই দলকে ডোবাচ্ছে। আরসিবির বড় দুর্বলতা মিডল অর্ডার ব্যাটাররাই।
ক্রিকবাজ শোতে ম্যাচটি বিশ্লেষণ করার সময়, বীরেন্দ্র সেহওয়াগ আরসিবির মিডল অর্ডারকে দলটির সবচেয়ে বড় দুর্বলতা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন এবং ক্রুনাল পান্ডিয়ার ব্যাটিং তাঁকে হতাশ করেছে। এই তিন ব্যাটার কোনও ম্যাচেই ঠিকমতো অবদান রাখছেন না, যার কারণে বেঙ্গালুরুর এই অবস্থা।
সেহওয়াগের মতে, আরসিবি টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি, ফিল সল্ট এবং রজত পাটিদারের উপর অতিরিক্ত নির্ভরশীল। তবে তিনি জানিয়েছেন, টিম ডেভিড লোয়ার অর্ডারে ভাল কাজ করছেন। কিন্তু যেদিন উপরের তিন ব্যাটার ব্যর্থ হয়েছেন, সেই দিনগুলিতে বেঙ্গালুরুকে লড়াই করতে হয়েছে। পঞ্জাবের বিপক্ষেও একই জিনিস দেখা গিয়েছে।
ট্রফি জেতার কোনও সম্ভাবনা নেই
সেহওয়াগ বলেন, "লিভিংস্টোন হবেন দ্বিতীয় ম্যাক্সওয়েল (এবার ফর্মে নেই)। জিতেশ শর্মা এবং ক্রুনাল পান্ডিয়াও কিছুই করতে পারছে না। যখন উইকেট পড়ছে, তখন কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। টিম ডেভিড ভাল খেলছে কিন্তু সে কম বল পাচ্ছে। যার হাতে বেশি বল থাকছে, সে তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। জিতেশ, লিভিংস্টোন ও ক্রুনালকে ব্যাট হাতে ধারাবাহিক অবদান রাখতে হবে। তবেই আরসিবি ঘরের মাঠে জিততে পারবে। অন্যথায়, আমাদের প্রার্থনা করতে হবে যে, বিরাট কোহলি এবং ফিল সল্ট ১৫ ওভার খেলুক এবং শেষ ৫ ওভারে বল হিট করে যতটা সম্ভব রান করুক। কিন্তু আবারও বলছি, ট্রফি জেতার কোনও সম্ভাবনা নেই।"
পাটিদারের ওপর রেগে গেলেন সেহওয়াগ
ক্রিকবাজের অনুষ্ঠানে আরসিবি অধিনায়ক রজত পাটিদারের উপরও ক্ষোভ প্রকাশ করেন বীরু। প্রাক্তন ওপেনার বলেন, "তাদের (আরসিবি) ভাবতে হবে কেন তারা ঘরের মাঠে জিততে পারছে না। তারা কোথায় ভুল করছে? তাদেরই সমাধান খুঁজে বের করতে হবে। বোলিং উতরে দিলেও ব্যাটিং কাজ করছে না।"