1.png)
কেকেআর বনাম ডিসি
শেষ আপডেট: 29 April 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৫-এর ৪৮তম ম্যাচে আজ দিল্লি ক্যাপিটালসের (DC) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি মরশুমে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jetli Stadium) অনুষ্ঠিত এই ম্যাচে হার মানেই প্রায় বিদায় নিশ্চিত কেকেআরের।
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার মোটেও ভাল অবস্থায় নেই। গৌতম গম্ভীর কেকেআর ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এবার নাইটদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিচ্ছে। দল এখন ৯ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। এই অবস্থায় একটি হার মানেই প্লে অফ থেকে বিদায়।
এদিকে, অরুণ জেটলি স্টেডিয়ামে এই দুই দলই একে অপরের বিরুদ্ধে ১১ বার খেলেছে। দিল্লি ৫টি এবং কলকাতা ৫টি ম্যাচে জিতেছে। বৃষ্টির কারণে একটি ম্যাচ বাতিল হয়েছে। তবে কলকাতা এখানে ৮ বছর ধরে জিততে পারেনি। দলটি সর্বশেষ ২০১৭ মরশুমে জিতেছিল। এরপর ৩টি ম্যাচ খেলা হয়, যার সবকটিই দিল্লি জেতে।
২০২৫ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে এবং ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজি এবার টিম গেমে নজর দিয়ে দল গড়েছে। আর যার সুফল তারা পাচ্ছে। প্রতিটি জায়গায় রয়েছে একাধিক বিকল্প। পাশাপাশি বাংলার দুই ক্রিকেটার অভিষেক পোড়েল ও মুকেশ কুমার এবার দিল্লির হয়ে ধারাবাহিক ভাবে পারফর্ম করে চলেছেন। অধিনায়ক অক্ষর প্যাটেলও অলরাউন্ডার হিসাবে দলকে ভরসা জুগিয়ে চলেছেন। দুরন্ত ফর্মে রয়েছেন কেএল রাহুল। এই দলে আছেন কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনার। তাই আত্মবিশ্বাসের তলানিতে থাকা কেকেআরের কাছে আজকের লড়াই মোটেও সহজ হবে না।
আইপিএলে দিল্লি এবং কলকাতা এখন পর্যন্ত মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে। সেক্ষেত্রে অবশ্য এগিয়ে কলকাতা। নাইটরা জিতেছে ১৮টি এবং দিল্লি ১৬টি ম্যাচে জয়লাভ করে। একটি ম্যাচ বাতিল হয়েছিল।
দিল্লির টপ অর্ডার ব্যাটার কেএল রাহুল দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী। রাহুল গত ৮ ম্যাচে ১৪৬.১৮ স্ট্রাইক রেটে ৩৬৪ রান করেছেন। এই সময়ের মধ্যে তিনি ৩টি অর্ধশতক করেছেন। অভিষেক পোড়েল আছেন দুই নম্বরে। পোড়েল ৯ ম্যাচে ১৫৩.৩৩ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছেন। কুলদীপ গত ৯ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন। কুলদীপই দলের সর্বোচ্চ উইকেট শিকারী।
এদিকে কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই মরশুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচে রাহানে ২৭১ রান করেছেন। ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি হলেন বরুণ চক্রবর্তী। তবে কেকেআর সূত্রে জানা গিয়েছে, রভমান পাওয়েল আগের ম্যাচে খেললেও দিল্লি ম্যাচে অনরিখ নোখিয়াকে ফেরাতে পারে কেকেআর। ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে রমনদীপ সিংকেও ফেরানো হতে পারে। তবে প্রতি ম্যাচেই নাইটদের ব্যাটিং অর্ডার পরিবর্তিত হচ্ছে। তাই কে কোন জায়গায় নামবেন সেই নিয়ে প্রশ্ন থাকছেই।
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ব্যাটারদের হয়েই কথা বলবে বলে জানা গিয়েছে। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত এখানে মোট ৯২টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল ৪৪টি ম্যাচে জিতেছে এবং তাড়া করা দল ৪৭টি ম্যাচে জিতেছে। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি। অরুণ জেটলি স্টেডিয়ামের সর্বোচ্চ দলীয় স্কোর হল ২৬৬/৭, যা গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ করেছিল।
আবহাওয়া রিপোর্ট অনুয়ায়ী ম্যাচের সময় দিল্লিতে খুব গরম থাকবে। বৃষ্টির কোনও আশা নেই।
উভয় দলের সম্ভাব্য প্লেয়িং-১২
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (অধিনায়ক), ফাফ-ডু-প্লেসিস, অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ত্রিস্তান স্টাবস, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার এবং দুষ্মন্ত চামেরা, আশুতোষ শর্মা।
কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল, হর্ষিত রানা, বৈভব অরোরা, চেতন সাকারিয়া এবং বরুণ চক্রবর্তী, অঙ্গক্রিশ রঘুবংশী।