
শেষ আপডেট: 26 November 2023 14:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দুনিয়ায় এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল, হার্দিক পান্ডিয়া কি গুজরাত টাইটন্সের শিবির ছেড়ে ফিরছেন নিজের পুরনো দল মুম্বইয়ে? এই নিয়ে জল্পনা চলছে। রবিবার বিকেলেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। কারণ আজই জানা যাবে, আইপিএলের ১০ দলের ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে।
শুধু হার্দিক নন, আরও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে 'দলবদল'-এর আলোচনা চলছে। ইতিমধ্যেই কোনও কোনও ফ্র্যাঞ্চাইজি বেশকিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। সরফরজ খান, মনীশ পাণ্ডের মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আবার শহবাজ আহমেদ এবং ময়ঙ্ক দাগারের মতো ক্রিকেটারকে নিজেদের মধ্যে আদানপ্রদান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইর্স হায়দরাবাদের মধ্যে।
এছাড়াও রোমারিও শেফার্ডের মতো ক্রিকেটার মুম্বই থেকে যাচ্ছেন লখনউ সুপার জায়ান্টসে। আবার দেবদূত পাড্ডিকাল লখনউ থেকে আসছে রাজস্থান রয়্যালস। এদিকে রাজস্থানের আবেশ খান পাড়ি দিচ্ছেন লখনউতে। তবে আরও কয়েকজনকে নিয়ে টালমাটাল চলছে।
শার্দূল ঠাকুর: কলকাতা নাইট রাইডার্স, তাদের তারকা বোলার শার্দূলকে ছেড়ে দিতে চাইছে। ১০ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে এই ভারতীয় ক্রিকেটারকে কিনেছিল শাহরুখ খানের দল। শোনা যাচ্ছে, কলকাতা আসন্ন আইপিএলের আগে নিজেদের পেস বিভাগকে ঢেলে সাজাবে।
পৃথ্বী শ: আইপিএলের গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছে পৃথ্বী শকে। কিন্তু এই ওপেনারকে নিয়ে এবার টালবাহানা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, নিলামের আগে পৃথ্বীকে ছেড়ে দেবে দিল্লি।
হার্দিক পান্ডিয়া: সবথেকে বেশি আলোচনা হার্দিক পান্ডিয়াকে নিয়ে। সংবাদমাধ্যম সূত্রের খবর, গুজরাত থেকে মুম্বইয়ে আসছেন হার্দিক। ইতিমধ্যেই নাকি এই নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে কথাবার্তা হয়ে গেছে। অনেকে আবার এও দাবি করছেন, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে হার্দিককে আনা হবে। রোহিত শর্মার ওপর ভার কমাতে হার্দিককে দায়িত্ব দেওয়া হতে পারে।