
মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি আজ শিখর ধাওয়ান-হীন পাঞ্জাব
শেষ আপডেট: 18 April 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো: একটা দল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। আর একদল একবারও আইপিএল জেতেনি। অথচ এই মরসুমের পয়েন্টস টেবিল দেখলে এসব কিছুই বোঝার উপায় নেই। ছয় ম্যাচের চারটেতেই হেরে দুই দল আছে একেবারে তলানিতে। নেহাত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চাইতে নিচে যাওয়া সম্ভব নয়, তাই! আজ পাঞ্জাবের মুল্লানপুরে তাই মুম্বই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস, দু'জনেরই লক্ষ্য, জিতে খানিকটা হলেও প্লে-অফের রাস্তা খোলা রাখা।
চেন্নাইয়ের কাছে হারলেও মুম্বইয়ের আরসিবি এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্নগুলো অনেকটাই থিতিয়ে দিয়েছে। রোহিত আগুনে ফর্মে ব্যাট করেছেন। চেম্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ঈশান কিষাণ, তিলক বর্মা, রোমারিও শেফার্ডদের ওপর ভরসা করা যায়। সূর্যকুমার যাদবও কামব্যাকের আশায় আছেন।
অথচ পাঞ্জাবের ছবিটা একেবারেই আলাদা। অধিনায়ক শিখর ধাওয়ান কাঁধের চোটে কাতর। অন্তত সাত থেকে দশ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। নেতৃত্ব দেবেন সম্ভবত স্যাম কারান। এদিকে দুই তরুণ ভারতীয় তারকা শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মা ভাল আশা জাগালেও বাকিরা ঝোলাচ্ছেন। এই যেমন প্রভসিমরণ সিংহ। ছয় ম্যাচে ১১৯ রান, গড় মেরেকেটে ২০। বা জিতেশ শর্মা। ছয় ম্যাচে ১০৬, গড় ১৭। বরং পাঞ্জাবের তুরুপের তাস বোলিং। স্যাম কারান আছেন, কাগিসো রাবাড়া আছেন। আরশদীপ সিং বা হর্ষল প্যাটেলও চমক দিতে পারেন। ওদিকে মুম্বইয়েরও যশপ্রীত বুমরাহ, জেরাল্ড কোটজি ধামাকা দেখাতে পারেন।
এই মুহূর্তে তুল্যমূল্য বিচারে পাঞ্জাব ও মুম্বই দুই দলই অদ্ভুত ঘাড়ে-ঘাড়ে। দশমিকের কয়েক ভাগ নেট রানরেটের বিচারে পাঞ্জাব এক ধাপ ওপরে। মুখোমুখি দুই দল হয়েছে ৩১ বার, মুম্বই জিতেছে ১৬ বার, পাঞ্জাব ১৫ বার। মুল্লানপুরের পিচ বেশ ব্যাটিং সহায়ক, অনেকটা মোহালির মতোই। মুম্বই টসে জিতলে হয়ত পাঞ্জাবকে ব্যাট করতে পাঠাতে পারে। কিন্তু পাঞ্জাবের ব্যাটিং-এর যা অবস্থা, তাতে টস না হওয়া অবধি কী হবে কিছুই বোঝার উপায় নেই।