
শুধু কোহলির দিকে তাকিয়েই আজ জনতার ঢল ইডেনে
শেষ আপডেট: 21 April 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: গরমে হাঁসফাঁস বললে কম বলা হয়। পারদ ওপরে উঠতে উঠতে ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে পানাগড়ে। থর মরুভূমি জয়সলমীর থেকে শুরু নাকি পানাগড়ের ওপাশ থেকেই বালিয়াড়ি দেখা যাচ্ছে—বোঝার উপায় নেই। এর মাঝে ভরদুপুরে সাড়ে তিনটে থেকে ইডেনে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যার জন্য দুপুর বারোটা থেকেই কাঠফাটা রোদ মাথায় করে বেরোতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
কী দরকার এই গরমে ইডেন যাওয়ার? রোববারের দুপুর! দিব্যি তো ঘরে বসে, খানিক লাল করে মাংসের ঝোল ভাত খেয়ে আয়েশ করেই দেখা যেত খেলা! অথচ খেলা শুরুর ঘন্টাদুয়েক আগে রাজভবনের সামনে দাঁড়ালে কে বলবে যে, আজ রোববার বা এরকম চাঁদিফাটা রোদ! ভক্তদের উন্মাদনায় একফোঁটা কমতি নেই। সিএবিতে খবর নিয়ে যা জানা গেল, কর্তারা আগের সপ্তাহের রোববার থেকেই তটস্থ। বাকি সব ম্যাচ চুলোয় যাক। টিকিটের যত দাবি, সব এই আরসিবি-কেকেআরের দিকে। যতই লিগ টেবলে একেবারে তলায় থাক আরসিবি। যতই সাত ম্যাচ খেলে ছ'টায় হারুক। ভক্তরা পরোয়া করছেন না। বিরাট কোহলি আছেন তো! ব্যাস। কলকাতার শুধু ওটাই চাই।
কোহলি শুধু আছেন বললে ভুল হবে। রীতিমতো অরেঞ্জ ক্যাপ পরে আছেন। ব্যক্তিগত রান সর্বোচ্চ। অথচ দল হেরে গোহারা। রান পাচ্ছেন না গ্লেন ম্যাক্সওয়েল। ফাফ দু'প্লেসিকেও প্রশ্ন শুনতে হচ্ছে। কলকাতার এসবে কোনওই সমস্যা নেই। ঘরের দল তো জিতবেই। আশা করেন কেকেআর ভক্তরা। কিন্তু সঙ্গে বাড়তি আশা, যাতে কোহলি বড় রান তোলেন।।
শুধু তাপমাত্রা নয়, সঙ্গে বাড়তি অস্বস্তি আর্দ্রতা। একটা ভ্যাপসা গুমোট গরম যেন শক্ত করে চেপে ধরে রেখেছে শহরকে। জায়গায় জায়গায় পিচ গলে এবড়োখেবড়ো। তীব্র দাবদাহে দুপুরের পর রাস্তাঘাট ফাঁকা। ট্র্যাফিক পুলিশকর্মীদের ডিউটি কমানো হয়েছে। তবু নুন চিনির জল গুলে, ছাতা বা রোদচশমা পরে কর্তব্যে অবিচল তাঁরা। যত ভিড় মেট্রোতে। নেহাত দায়ে না পড়লে কেউ বেরোচ্ছেন না এই গরমে। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি, দমদম, ব্যারাকপুরে ওটা বেড়ে প্রায় ৪২-৪৩ ডিগ্রিতে চলে যাচ্ছে। গত ৬৫ বছরে নাকি কলকাতা-সল্টলেক-দমদম এমন গরম দেখেনি।
শুধু ব্যতিক্রম, ওই ইডেন। ব্যতিক্রম, কিং কোহলির জাদু। বৈশাখের প্রখর রোদে, ভর দুপুরে খেলা পড়লেও এক সপ্তাহ আগে জবাব দিয়ে দেয় ইডেনের টিকিটঘর। ইতিমধ্যে এই খবর প্রকাশের সময়েই রাজভবনের পাশ দিয়ে, আকাশবাণী ভবনের সামনের ফুটপাত জুড়ে লাইন দিয়ে চলেছেন ভক্তরা। হু হু বিকোচ্ছে জার্সি, মুখে বেগুনি সোনালি বা লাল সোনালি রঙ। শহরের উষ্ণতম দিনে, পিচগলা রোদ্দুরে, শুধু কোহলি আজ ঝড় তুলবেন, এই বিশ্বাসটুকুই যেন কলকাতা দিতে চায় আজ।