
শেষ আপডেট: 25 March 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের বাকি ক্রীড়াসূচি ফাঁস করে দিয়েছে ভারতের এক নামী ওয়েবসাইট। সেই সূচিতে দেখা গিয়েছে আইপিএলের ফাইনাল ২৬ মে হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। ধোনিরা যেহেতু গতবারের চ্যাম্পিয়ন দল, তাই তাঁদের শহরে ফাইনাল ম্যাচ দেওয়া হয়েছে। এবারের উদ্বোধনী ম্যাচও দেওয়া হয়েছিল চেন্নাইতে।
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও পাচ্ছে চেন্নাই। ২১ ও ২২ মে নরেন্দ্র মোদীর আমদাবাদ শহরে আইপিএলের দুটি প্লে অফ ম্যাচ রয়েছে। দুটি প্লে অফ ম্যাচই গতবারের রানার্স দল গুজরাত টাইটান্সের মাঠে হবে।
সেদিক থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে কোনও আইপিএলের প্লে অফ ম্যাচ দেওয়া হয়নি। তাদের হাতে শুধুই নোটবুক ও পেনসিল। তাদের শুধুই হোম ম্যাচের খেলা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আগে তাও সৌরভ গঙ্গোপাধ্যায় থাকতে সিএবি-র বলার লোক ছিল। মহারাজ চলে যাওয়ার পরে সিএবি-র বর্তমান কর্তাদের সেই ক্ষমতা নেই নিজেদের কেন্দ্রে ম্যাচ আনার।
নাম প্রকাশে অনিচ্ছুক সিএবি প্রাক্তন এক যুগ্মসচিব জানালেন, সিএবির বর্তমান পদাধিকারীরা প্রতিবাদের রাস্তা তো দূর, তাঁরাই আবার চেন্নাইতে গিয়ে ফাইনাল ও আমদাবাদে প্লে অফ ম্যাচ দেখতে ছুটবেন!
আইপিএলের দ্বিতীয় পর্বের গ্রুপ ম্যাচ শুরু হচ্ছে কেকেআর ও চেন্নাই ম্যাচ দিয়ে ৮ এপ্রিল। আবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ কলকাতায় হবে কেকেআর ও রাজস্থানের মধ্যে।