
চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস
শেষ আপডেট: 23 April 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংসকে দেখলে অনেকটা দাক্ষিণাত্যের চোল বা পল্লবদের কথা মনে আসে। বাইরে যা-ই করুক, ঘরের মাঠে চেন্নাইয়ের দুর্গ ভেঙে ঢোকা চাট্টিখানি কথা নয়। এবারের আইপিএলেও সেই ধারা রয়েছে। এখনও অবধি সাতটা ম্যাচ খেলেছে চেন্নাই। তিনটে চিপকে, চারটে বাইরে। সেই চারটের মধ্যে মাত্র একটায় জিতেছে। অথচ চিপকে তিনটে ম্যাচের তিনটেতেই ফুল ফুটিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির দল। ভুল বললাম? ঋতুরাজ গায়কোয়াড়ের দল হবে? না, তাতেও কোনও ভুল নেই। অধিনায়ক ঋতুরাজই। কিন্তু যে দলে মহেন্দ্র সিংহ ধোনি থাকেন, সেখানে ঋতুরাজ, মহারাজ, যুবরাজ সবই নস্যি।
আজ মঙ্গলবার থেকে চেন্নাইয়ের যুদ্ধ শুরু হচ্ছে চিপকের কেল্লায়। কেল্লাই বটে! আইপিএলের মত একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে দেশে সমর্থনের প্লাবন রয়েছে এবং সেটাই স্বাভাবিক। ভারত ক্রিকেটপাগল দেশ। কিন্তু চেন্নাইতে সেটা একটা আলাদা মাত্রার! চিপকে হলুদ জার্সিকে নিয়ে উন্মাদনা দেখলে মনে হবে, যেন খেলছে শতবর্ষ পার করা কোনও সমর্থক-সমৃদ্ধ ক্লাব! যেন মাঠে নেমেছে বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখ বা কলকাতার মোহনবাগান! সমর্থন তো নয়, চেন্নাইতে সিএসকে দলকে নিয়ে যেটা চলে, ওটার ভাল বাংলা শব্দ হয় 'উন্মাদনা'। কিন্তু তার মাঝেও, এইবার চিন্তার খানিক বিষয় রয়েছে।
যেমন আজকের ম্যাচ। মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। লিগ টেবিলে একেবারে হাত ধরাধরি করে রয়েছে দুই দল। সাত ম্যাচ খেলে চারটেয় জিতেছে। কিন্তু চিন্তার জায়গা একাধিক। কুইন্টন ডি-কক ভাল মেজাজে। অধিনায়ক কেএল রাহুলের স্ট্রাইক রেট নিয়ে হাসিঠাট্টা হতে পারে, কিন্তু ক্রিজে জমে গেলে তখন উলটো চিন্তা। কিন্তু তারপরেই রক্তচাপ বাড়া শুরু। আয়ুষ বাদোনি, মার্কাস স্টোয়নিস, নিকোলাস পূরণ। দেবদত্ত পাড়িক্কলকে যদি আবার ইমপ্যাক্টে নামিয়ে দেয়, তাহলেও একটা ব্যাপার! চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমানকে তলব করে নিয়েছে বাংলাদেশ বোর্ড। তাহলে কি এবার মাথিসা পাথিরানার ঘাড়ে দায়িত্ব চাপল? শ্রীলঙ্কার এই বোলারের বোলিং সামলাতে অনেক তাবড় ব্যাটারেরই নাভিশ্বাস উঠেছে!
চেন্নাইয়ের ভাবনায় আছে রেকর্ডও। চিপকে তারা অপ্রতিরোধ্য। ৬৭ ম্যাচ খেলে জিতেছে ৪৮ বার। কিন্তু আগের ম্যাচে লখনউ আট উইকেটে দুরমুশ করেছে তাদের। সিএসকের স্বস্তি, চোট সারিয়ে ফিরছেন অজিঙ্ক রাহানে। ডেভন কনওয়ে নেই, ওপেন করবেন রাচিন রবীন্দ্র। চেন্নাইয়ের পিচে খুব বড় স্কোর কেউ আশা করে না। ফলে লখনউয়ের যশ ঠাকুর আর মহসিন খানের দিকেও নজর থাকছে আজ। তবে চেন্নাইয়ের তো আসল চিন্তা অন্য। আজ না হয় লখনউ। কোনওভাবে জিততে হবে। এরপরের ম্যাচে তো চিপকে নামবে রানের সুনামি তোলা সানরাইজার্স হায়দরাবাদ! অন্তত আজকের ম্যাচটা জিতেই ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হাইনরিখ ক্লাসেনদের সামনে পড়া ভাল!