
আত্মবিশ্বাসী রাহুলের দলের মুখোমুখি আজ ঋষভরা
শেষ আপডেট: 12 April 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে লখনউ তো বেশিদূর নয়। মাত্র সাড়ে পাঁচশো কিলোমিটার! ইতিহাস দেখলে, দিল্লি-লখনউ টক্কর মোটামুটি মুগল সাম্রাজ্যের পড়তি বিকেল থেকেই পাকাপাকিভাবে জায়গা নিয়ে নিয়েছে। শাহ আলমের সঙ্গে হাত মিলিয়েছিলেন অবধের নবাব সুজাউদদৌলা! কিন্তু আইপিএলে লখনউয়ের সামনে দিল্লির ভাগ্য অতি মন্দ। সদ্য ভুঁইফোঁড় লখনউ সুপার-জায়ান্টসের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস হয়েছে তিনবার, তিনবারেই জিতেছে লখনউ।
পয়েন্টস টেবিলে তিন নম্বরে রয়েছেন কেএল রাহুল, কুইন্টন ডি-ককরা। চার ম্যাচের তিনটেয় জিতে আত্মবিশ্বাসে ভরপুর। দেড়শো কিলোমিটারের কাছাকাছি পেস তোলা বোলার মায়াঙ্ক যাদব না থাকলেও চিন্তার কিছু দেখছেন না লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গার। কেএল রাহুল সেই অর্থে ছন্দে নেই, যদিও আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। তাতে অসুবিধে নেই। কুইন্টন, নিকোলাস পূরণ, আয়ুষ বাদোনি, মার্কাস স্টোয়নিস আছেন। তবে লখনউয়ের আসল ক্ষমতা বোলিং। রবি বিষ্ণোই, ক্রুণাল পাণ্ডিয়া, নবীন উল-হক, যশ ঠাকুররা রীতিমত যে কোনও ব্যাটিং লাইন-আপের ঘুম উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন!
তুলনায় দিল্লি একেবারেই নড়বড়ে। পয়েন্ট টেবিলের একেবারে নিচে রয়েছে দিল্লি। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে দিল্লি। ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ', মিচেল মার্শ বা দুর্ঘটনা সারিয়ে ফিরে আসা ঋষভ পন্থের মত রথীমহারথী থাকলেও দিল্লির অবস্থা শাহ আলমের আমলের মুঘল সৈন্যের মত। রণসজ্জায় খামতি নেই, কিন্তু ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে। পৃথ্বী শ'-এর ধারাবাহিকতা নেই। ওয়ার্নার একা কদ্দুর টানবেন? ত্রিস্তান স্টাবস মিডলে খানিক ভরসা হতে পারেন। ঋষভ রান পাচ্ছেন। কিন্তু ওপরের অর্ডার না দাঁড়ালে লখনৌয়ের ঘরের মাঠে দিল্লির হাল কতটা ঠিক থাকবে, প্রশ্ন থাকছেই।
একানা স্টেডিয়ামের পিচ নিয়েও ধন্দে দিল্লি। কোনও ছকে এই পিচকে বাঁধা যায় না। পেসের সঙ্গে বাউন্স থাকবে নাকি স্লো টার্নার হবে, সবটাই নির্ভর করছে লাল না কালো, কোন মাটি ব্যবহার হচ্ছে তার ওপর! তবে সন্দেহ নেই, ঘরের মাঠে আজ লখনউ সুপার-জায়ান্টসই ফেভারিট।