
ক্রিকেটে বিরল নজির ইন্দোনেশিয়া স্পিনারের
শেষ আপডেট: 26 April 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বোলারের নামের পাশে ৭ উইকেট। এটাই তো বিরল এক ঘটনা। সেটা যদি আবার হয় ০ রানের বিনিময়ে! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসই গড়ে ফেলেছেন ইন্দোনেশিয়ার অফস্পিনার রোহমালিয়া।
শুধু মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটেই নয়, ছেলে এবং মেয়েদের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৩.২ ওভার বল করে রোহমালিয়া কোনও রান না দিয়ে ৭টি উইকেট তুলে নেন। তার তিনটি ওভারই মেডেন। বাকি যে দুই বল করেছেন, তাতেও কোনও রান হয়নি। এটি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ছিল তাঁর অভিষেক ম্যাচ!
১৭ বছর বয়সি এই অফস্পিনারের আগে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারডিকের। তিনি ২০২১ সালের আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ জোন কোয়ালিফায়ারে ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়েছিলেন। ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ফ্রেডরিক।
রোহমালিয়া টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেট নেওয়া ইতিহাসের চতুর্থ বোলার। তার আগে এই রেকর্ড আছে নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারডিক (৭/৩), আর্জেন্টিনার অ্যালিসন স্টকস (৭/৩) আর মালয়েশিয়ার সায়াজরুল এজাত ইদ্রাসের (৭/৮)।