
ক্রিজে অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে বাংলার ক্রিকেটার রিচা ঘোষ। চেন্নাইতে টেস্টে।
শেষ আপডেট: 29 June 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহিলা টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল ভারত। ৯০ বছরে মহিলা ক্রিকেটে কোনও দল যা করতে পারেনি, আজ শনিবার সেটিই করে দেখিয়েছেন দেশের মেয়ে ক্রিকেটাররা। এক ইনিংসে ৬০০ রানের কোটা পার করেছেন তাঁরা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে একমাত্র টেস্টে ৬ উইকেটে ৬০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এতে মহিলা ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করে হরমনপ্রীতের দলের।
এর আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৯ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি মান্ধানারা।
যে দেশের বিপক্ষে আর কয়েক ঘণ্টা পরে টি ২০ ক্রিকেটের ফাইনাল খেলতে নামবেন রোহিতরা, সেই দেশের মহিলা দলের বিপক্ষে এই রেকর্ড গড়লেন হরমনপ্রীতরা।
ভারতের রান পাহাড়ে যাওয়ার পিছনে অবদান রয়েছে দুই ওপেনার শেফালি ভার্মা (২০৫) ও স্মৃতি মান্ধানার (১৪৯)। তবে এই কৃতিত্বে নাম জড়িয়ে গিয়েছে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষেরও, তিনিও এই রেকর্ড সংগ্রহে করেছেন ৯০ বলে ৮৬ রানের দুরন্ত ইনিংস।
চলতি ম্যাচেই শুক্রবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন শেফালি। এর আগে চলতি বছরের শুরুর দিকে ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যানাবেল সাদারল্যান্ড।
এছাড়া মিতালি রাজের পরে দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়েন রোহতকের মেয়ে।