র্যাঙ্কিংয়ে এক নম্বর কার্লোস আলকারাজ সেমিফাইনালেই মেদভেদেভের কাছে হেরেছেন। সিনার এখনও ২,২০০ পয়েন্ট পিছিয়ে, কিন্তু আসছে মাস্টার্স সিজনে ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছেন।

বিজয়ী সিনার
শেষ আপডেট: 16 March 2026 10:57
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল। টানটান উত্তেজনা। একটিও সার্ভিস ব্রেক নেই—দুই সেটই গড়াল টাইব্রেকে। অতঃপর দ্বিতীয় সেটের টাইব্রেকে ০-৪ থেকে পিছিয়ে পড়েও পরপর সাতটি পয়েন্ট জিতে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। দানিল মেদভেদেভকে (Daniil Medvedev) ৭-৬, ৭-৬ হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতলেন ২৪ বছরের ইতালিয়ান। সময় লাগল মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিট।
ফেডেরার-জোকোভিচের পাশে সিনার
এই জয় শুধু আরেকটি শিরোপা নয়—বলা যেতে পারে ইতিহাসের নতুন অধ্যায়। সিনার এই নিয়ে এটিপি মাস্টার্সের সমস্ত (৬) হার্ডকোর্ট টুর্নামেন্ট জিতলেন। মায়ামি, কানাডা, সিনসিনাতি, সাংহাই, প্যারিস ও ইন্ডিয়ান ওয়েলস—সবগুলোতেই শিরোপা। এই কীর্তি এর আগে মাত্র দুজনের দখলে ছিলে—একজন রজার ফেডেরার, অন্যজন নোভাক জোকোভিচ।
🇫🇷 Paris 🏆
🇺🇸 INDIAN WELLS 🏆@janniksin becomes the first man to win back-to-back ATP Masters 1000 titles without losing a set since the series began in 1990!@BNPPARIBASOPEN | #TennisParadise pic.twitter.com/xkmb2cFfyE— ATP Tour (@atptour) March 15, 2026
সঙ্গে আরও এক নজির: ১৯৯০ সালে মাস্টার্স ১০০০ সিরিজ শুরুর পর থেকে পরপর দুটো মাস্টার্স টুর্নামেন্ট একটিও সেট না খুইয়ে খেতাব জেতা প্রথম খেলোয়াড় হলেন সিনার। গত নভেম্বরে প্যারিসের পর এবার ইন্ডিয়ান ওয়েলস—একটা সেটও হারাননি। এ ছাড়া মাস্টার্স ১০০০ স্তরে ১০০ ম্যাচ জেতা প্রথম ইতালিয়ান পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবেও রেকর্ড বুকে নাম লেখালেন তিনি।
ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্ত
ফাইনালে মেদভেদেভ শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। প্রথম ছয়টি পয়েন্ট জিতে চাপে ফেলেন সিনারকে। তৃতীয় ও চতুর্থ গেমের মধ্যে গোড়ালিতে টেপিং করাতে মেডিকেল টাইমআউটও নিতে হল সিনারকে। কিন্তু ভেঙে পড়েননি ইতালীয় তারকা। প্রথম সেটের টাইব্রেকে মেদভেদেভের একটি ভুল ফোরহ্যান্ড ভলিকে কাজে লাগিয়ে সেট দখলে!
দ্বিতীয় সেটের টাইব্রেকে ০-৪—পরিস্থিতি কঠিন। কিন্তু পরপর সাতটি পয়েন্ট জিতে ম্যাচ শেষ করলেন সিনার। মেদভেদেভের বিরুদ্ধে ‘হেড-টু-হেড’ রেকর্ড এখন ৯-৭, শেষ দশ ম্যাচে ন’টিতেই জিতেছেন। ম্যাচ শেষে সিনারের মন্তব্য, ‘এই টুর্নামেন্টটাই শুধু বাকি ছিল বড় হার্ডকোর্ট ইভেন্টগুলোয়। তাই জয়টা বিশেষ!’
উল্লেখ্য, র্যাঙ্কিংয়ে এক নম্বর কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) সেমিফাইনালেই মেদভেদেভের কাছে হেরেছেন। সিনার এখনও ২,২০০ পয়েন্ট পিছিয়ে, কিন্তু আসছে মাস্টার্স সিজনে ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছেন।