
বিদেশের মাঠে সিরিজের প্রথম ম্যাচে হার ভারতের রিজার্ভ দলের।
শেষ আপডেট: 6 July 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: এখনও এক সপ্তাহ হয়নি ভারতীয় দল টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। দাদারা যা পেরেছেন, ভাইরা সেটি করে দেখাতে পারলেন না। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ টি ২০ ম্যাচের প্রথমটিতে হার ভারতের রিজার্ভ দলের।
হারারেতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবোয়ে করেছিল ২০ ওভারে ১১৫ রান। বিনিময়ে শুভমন গিলের ভারত ১০২ রানে অলআউট হয়ে গিয়েছে। ১৩ রানে হার ভারতের জুনিয়র দলের। সবথেকে বড় কথা, যে তারকারা আইপিএলে ফ্রাঞ্চাইজি দলের হয়ে ভাল খেলেন, তাঁরাই এভাবে বিদেশের মাঠে কমজোরি দলের বিপক্ষে ব্যর্থ হবেন, আশা করা যায় না।
ম্যাচের একটা সময় ভারতের এই দলের ২২ রানে চার উইকেট পড়ে গিয়েছিল। দলে বলার মতো রান অধিনায়ক শুভমনের (৩১) এবং ওয়াশিংটন সুন্দরের (২৭)। বাকিরা ডাহা ফেল। কেকেআরের মধ্যমণি রিঙ্কু সিং (০) ছাড়াও রানের খাতা খুলতে পারেননি ওপেনার অভিষেক শর্মা, মুকেশ কুমার ও খলিল আমেদ। বাকিদের রানও পাতে দেওয়ার মতো নয়।
ভারতের এই দলের কোচ ভিভিএস লক্ষ্মণ। তাঁকে এদিন দেখা গিয়েছে ছেলেদের খেলায় হতাশ। রোহিত শর্মারা যখন বিশ্বজয়ের পরে ভালবাসার পরশে ভেসে বেড়াচ্ছেন, সেইসময় এই দলটির ব্যর্থতা নির্বাচকদের ভাবাবে সন্দেহ নেই।
ভারতীয় দলের বোলারদের মধ্যে রবি বিষ্ণোই চার উইকেট নিয়েছেন ১৩ রানে। সুন্দর পান দুই উইকেট। জিম্বাবোয়ে দলের সফল বোলার পোড়খাওয়া তারকা সিকান্দার রাজা, তিনটি উইকেট নিয়েছেন সতীর্থ চাতারার মতোই।
ভারতের এই দলে বিশ্বজয়ী দলের কোনও সদস্য নেই। একমাত্র রিঙ্কু সিং রোহিতদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। কিন্তু রোহিতরা যা কীর্তি স্থাপন করেছেন, তার ছিটেফোঁটাও দেখা গেল না শুভমনদের খেলায়।