
শেষ আপডেট: 6 October 2023 20:16
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে বাংলার হয়ে পদক জিতেছেন চার মহিলা তারকা। টেবল টেনিসের সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়। ক্রিকেটে সফল চুঁচুড়ার বোলার তিতাস সাধু, শিলিগুড়ির রিচা ঘোষ।
এবার গেমসে ব্রিজের আসরে বাংলার সুমিত মুখোপাধ্যায়ের হাত ধরে পদক এল বাংলার ঘরে। ভারতীয় দলের অন্যতম সদস্য সুমিত, যিনি কলকাতা মেট্রো রেলে চাকরি করেন।
সুমিত দমদম স্টেশনে কর্মরত। ভারতীয় ব্রিজ দলগত বিভাগে রুপো জিতেছে। দলের নামী সদস্য বাংলার এই ছেলে। বাকি দলে রয়েছেন অজয় প্রভাকর, রাজেশ্বর তিওয়ারি, রাজু তুলানি। শুক্রবার ফাইনালে হংকংয়ের বিরুদ্ধে ফাইনালে হার মানে ভারতীয় ব্রিজ তারকারা। দাবায় যে পদক জেতা যায়, সেটি আগেও বহুবার প্রমাণ করা যায় ভারতীয়রা। ফাইনালে হারলেও রুপো জিতেছেন সুমিতরা।
গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় দল। এবার ব্রিজ দলের ক্ষেত্রে পদকের রং বদলে গিয়েছে। গতবারও দলে ছিলেন মেট্রো রেলের কর্মী সুমিত। যিনি সারা বছরই দাবায় বাংলার প্রতিনিধি হিসেবে দেশের হয়ে খেলে থাকেন।
এবার গেমসে ব্যক্তিগতভাবে তো বটেই, দলগত ইভেন্টেও ভারতের ক্রীড়াবিদরা সফল হয়েছেন। এটি আশার কথাও। কারণ তিরন্দাজ, শুটিং, স্কোয়াশ, ব্যাডমিন্টন, টেনিসেও সফল হয়েছেন ভারতীয়রা। বাকি ছিল ব্রিজ প্রতিযোগিতা, সেখানেও সফল তাঁরা।