
শেষ আপডেট: 4 October 2023 15:52
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমস হকির ফাইনালে ভারতীয় হকি দল। তারা বুধবার সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে তারা। আগেই পদক নিশ্চিত হয়ে গিয়েছিল, এবার সোনা জয়ের লক্ষ্যে নামবেন হরমনপ্রীত, মনদীপ সিংরা।
ভারতের হয়ে গোল করলেন মনদীপ সিং, হার্দিক সিং, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় ও অভিষেক। ফাইনালে ভারত খেলবে চিন ও জাপানের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে।
ভারতীয় হকি দল দারুণ ফর্মে বিরাজ করছে গেমসে। বাংলাদেশকে ১২ গোলে হারিয়েছে। চলতি গেমসে মনদীপদের পারফরম্যান্স বেশ নজরকাড়া। প্যারিস অলিম্পিকের যোগদানও নিশ্চিত করলেন হকি তারকারা।
Breaking: India advance into FINAL of Men's Hockey
— India_AllSports (@India_AllSports) October 4, 2023
India BEAT South Korea 5-3 in Semis. #AGwithIAS | #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/9sD6xVKnjJ
বুধবার ম্যাচের শুরু থেকেই ভারতীয় দল দাপটের সঙ্গে খেলতে থাকে। খেলার পাঁচ মিনিটের মধ্যেই ভারত গোল দিয়ে এগিয়ে যায়। হার্দিক সিং গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। ছয় মিনিট বাদে ফের গোল ভারতের। গুরজন্তের পাস থেকে ফ্লিক করে গোল করে গিয়েছেন মনদীপ সিং।
ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই তিন গোল হয়ে যায় ভারতের। তারপর দ্বিতীয় কোয়ার্টারের পর থেকে একটু হালকা দিতেই কোরিয়া আক্রমণে গিয়ে দুটি গোল করে। কিন্তু শেষদিকে আবার ভারতীয় দল জ্বলে উঠতেই জয়ের খোঁজ পেতে অসুবিধে হয়নি।
ম্যাচের চতুর্থ কোয়ার্টারে কোরিয়া আক্রমণে গেলেও পালটা আক্রমণে গোল পেয়ে যায় ভারতীয় দল। মনদীপের পাস থেকে গোল করেন অভিষেক। সেখানেই ভারতীয় হকি দলের জয়ের চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে।