1.jpg)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 3 March 2025 09:26
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে দিয়েছে। এটা রোহিত অ্যান্ড কোম্পানির তৃতীয় জয়। এবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর রোহিত শর্মার দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বদলা নিতে চাইবে। অন্যদিকে, সেমিফাইনাল ম্যাচের আগেই অস্ট্রেলিয়াকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত আগামী সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বললেন, 'আশা করছি যে পরের ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার রেকর্ড বরাবরই বেশ ভাল। কিন্তু, বিশেষ দিনে আমরা কেমন পারফরম্যান্স করি, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি, আগামী ম্যাচটা সকলে উপভোগ করবেন। আমরাও এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, আমরাই জিততে পারব।'
এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা গত রবিবার খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর ক্যাপ্টেন রোহিত জানালেন, এই জয়টা টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা গোটা টুর্নামেন্টে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছি। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ভাল ফলাফলের আশা করেছিলাম আমরা। একটা সময় ৩০ রানে আমাদের ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেইসময় একটা বড় পার্টনারশিপ দরকার ছিল। আমাদের বিশ্বাস ছিল যে ভাল স্কোর আমরা খাড়া করতে পারব। আর যে রানটা করেছি, আমাদের বোলাররা সেটা যথাযথভাবে রক্ষা করেছে।
কিউয়ি দলের বিরুদ্ধে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীকে প্লেয়িং ইলেভেনে নেওয়া হয়েছিল। এই ম্যাচে বরুণ দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেন। তিনি সর্বাধিক ৫ উইকেট শিকার করেছেন। বরুণের এই পারফরম্যান্স দেখে যারপরনাই উচ্ছ্বসিত রোহিত। তিনি ম্যাচের শেষে বললেন, 'বরুণ সকলের থেকে আলাদা। সেকারণে আমরা দেখতে চাইছিলাম যে ও কতটা কী করতে পারে। আশা করছি, আগামী ম্যাচে নির্বাচকদের কাজটা আরও কঠিন হয়ে যাবে।'