
শেষ আপডেট: 12 November 2023 21:34
দ্য ওয়াল ব্যুরো: একটা দল ৪১০ রান করার পরে বিপক্ষ দলের অবস্থা সুখের হয় না। তারা যতই চেষ্টা করুক না কেন, এভারেস্টসম রান তুলতে হিমশিম খেতে হয়। রবিবার ঠিক সেটাই হল নেদারল্যান্ডস দলের পক্ষে। তারা শেষমেশ করতে পেরেছে ২৫০ রান। ভারতের জয় ১৬০ রানে।
রবিবার দীপাবলির দিন রোহিতদের ব্যাটে-বলে পারফরম্যান্সে আলোকিত গার্ডেনসিটি। এই নিয়ে ভারতীয় দল চলতি বিশ্বকাপে টানা নয়টি ম্যাচ জিতল। আগেই সেমিফাইনালে চলে গিয়েছিল তারা। মুম্বইতে প্রথম সেমিফাইনালে ১৫ নভেম্বর তারা খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
আগেই এই ম্যাচে রোহিতদের দলের পাঁচ ব্যাটার যে জাদু দেখিয়েছেন, তাতেই কামাল হয়ে গিয়েছিল। বাকি কাজটি সারলেন দলের বোলাররাও। ডাচদের উড়িয়ে দিল অনায়াসেই। তার মধ্যে দলের ষষ্ঠ বোলারের কাজটি করলেন বিরাট কোহলি। তিনি এক উইকেট নিলেন ইনসুইং বোলিং করে।
চিন্নাস্বামীর গ্যালারিতে কোহলি উইকেটে পেতেই তুমুল গর্জন। ডাচদের অধিনায়ক স্কট এডোয়ার্ডসকে ১৭ রানে ফেরালেন কোহলি, তাঁর ইনসুইংয়ে ঠকে রাহুলের হাতে উইকেটের পিছনে ক্যাচ দিলেন তিনি। এমনকী এদিন ডাচদের শেষ উইকেট নেন রোহিত। ভারত অধিনায়কের ঝুলিতেও এক উইকেট থাকল।
নেদারল্যান্ডস দলের পক্ষে আশার কথা, তারা একেবারে আত্মসমর্পণ করেনি। শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশ যেমন ধরাশায়ী হয়ে গিয়েছে, ডাচ তারকারা ব্যাটে লড়াই করেছেন।
ভারতের বোলারদের মধ্যে প্রথম ঝটকা দিয়েছেন সিরাজ। তিনি ওপেনার ওয়েসলি বারেসিকে ফেরান চার রানে। সিরাজ দুটি উইকেট নিলেও তিনি সহজ ক্যাচ মিস করেছেন। গলায় চোটও পান। তারপর আবার মাঠেও ফিরে এসেছেন।
ভারতীয় বোলিং বিভাগে পেস ও স্পিনের দুরন্ত ভারসাম্য, গ্রুপের শেষ ম্যাচেও দেখা গিয়েছে। জাদেজার মতোই কুলদীপও দুই উইকেট নিয়েছেন। তবে ডাচদের ব্যাটারের মধ্যে এঙ্গেলব্রেজেট (৪৫) ও তেজা ৩৭ ভাল খেলেছেন। তাঁরা বিগ শটও মারেন জাদেজাদের বলে।
সেমির আগে ভারতের পাঁচ ব্যাটারই আসল কাজ করে দিয়েছেন। দলের অধিনায়ক রোহিত শর্মা (৬১) রান করার পরে গিল ও বিরাট দু’জনেই ফিরেছেন ৫১ রানে। পাশাপাশি শ্রেয়স (১২৮) ও রাহুলের (১০২) যুগলবন্দিতে ভারত ৪১০ রানের পাহাড়প্রমাণ রান করতে পেরেছে।