
ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা থাকবেই।
শেষ আপডেট: 10 June 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে সবেমাত্র জিতেছে ভারতীয় দল। রবিবার গ্রুপ পর্বের ম্যাচে নিউইয়র্কে রোহিতদের দুরন্ত জয়ের পরে নানা প্রশংসা ভেসে আসছে। বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটারদের স্নায়ুর জোর অনেক বেশি। তারা যেভাবে হারা ম্যাচ বের করেছে, সেটিতে বোঝা যায় দলের ভারসাম্য ভাল জায়গায়।
ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। ভূ-গোলার্ধের যেখানেই এই ম্যাচ হোক না কেন, টানটান উত্তেজনা থাকবেই। আমেরিকার নাসাউ স্টেডিয়ামে ম্যাচেও সেটি দেখা গিয়েছে। একটা লো স্কোরিং ম্যাচ কীরকম টেনশনের চোরাস্রোত বইয়ে দেয়, সেটি এই ম্যাচে দেখা গিয়েছে।
এই মহারণের উত্তাপ কাটতে না কাটতেই আইসিসি পরের ভারত-পাক ম্যাচের স্থান জানিয়ে দিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, যাকে বলা হয় মিনি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের শেষ গ্রুপ ম্যাচে খেলবে ভারত ও পাকিস্তান। ওই ম্যাচটি হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। লাহোর ছাড়াও রাওয়ালপিণ্ডি ও করাচিতে হবে বাকি ম্যাচ।
মোট ২০দিনের টুর্নামেন্টে আট দলকে নিয়ে মোট ১৫টি ম্যাচ হবে। দুটি গ্রুপে দলকে ভাগ করা হবে। লাহোরে হবে সাতটি ম্যাচ, রাওয়ালপিণ্ডিতে হবে পাঁচটি ম্যাচ ও বাকি তিনটি ম্যাচ করাচিত ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে বলে জানা গিয়েছে।
এর আগেও এশিয়া কাপের ম্যাচ হয়েছিল পাক মাটিতে। সেবার যায়নি ভারতীয় দল। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতকে যেতেই হবে, কারণ না হলে অনেক অর্থ লোকসান বাবদ দিতে হবে। ভারত সরকার অবশ্য এখনও সবুজ সংকেত দেয়নি এই সফরের জন্য। তবে এখনও প্রায় আটমাস বাকি, সেক্ষেত্রে অনুমতি মিলবে, সেটাই মনে করছে ক্রিকেটমহল।