
শেষ আপডেট: 6 June 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচেও জয় পেল না ভারতীয় দল। তারা বৃহস্পতিবার প্রি ওয়ার্ল্ড কাপের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল। এমন একটি ম্যাচ যে খেলায় সবাই আবেগমুখর ছিলেন। সেই ম্যাচে ভারতীয় দলের ফুটবলাররা নিজেদের উজাড় করে দিলেও আসল কাজ করতে পারেননি।
খেলার শুরু থেকেই কুয়েত বরং একের পর এক আক্রমণ গড়েছে। প্রথমার্ধেই ভারতের এগিয়ে যাওয়া উচিত ছিল। মিস করেছেন কখনও সুনীল ছেত্রী, কিংবা লিস্টন কোলাসোরা। কোলাসো বাঁদিকের ফ্ল্যাঙ্কে বল পেয়ে চোরা গতিতে উপরে ওঠে। তিনি কুয়েতের ডিফেন্ডারকে কাটিয়ে বলটি স্কোয়ার করেন। বল পান সুনীল ছেত্রী। গোলের ভাল সুযোগ ছিল। কিন্তু হাসান আলানেজির পায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে। কর্নার পায় ভারত, সেটিও কাজে লাগানো যায়নি।
বিরতির আগে কুয়েতও ম্যাচে সুযোগ পেয়েছিল। কিন্তু ভারতের ডিফেন্ডাররা দারুণ খেলেছেন এ ম্যাচে। খেলার ৩০ মিনিটে সাহাল ও অনিরুদ্ধ থাপার মধ্যে দারুণ ওয়াল পাস দেখা গিয়েছে। কিন্তু শেষ সময়ে শটে বল জালে রাখতে পারেননি লিস্টন, কারণ থাপা পাস বাড়ান ওই গোয়ানিজকে।
ম্যাচের ৭৩ মিনিটে কুয়েতের একটি আক্রমণকে যেভাবে গোলরক্ষক গুরপ্রিৎ রুখে দিয়েছেন, সেটিও দেখার মতো। না হলে সুনীলের দেশের হয়ে শেষ ম্যাচ লজ্জার হতো।
বিরতির পরেই জোড়া পরিবর্তন করে ভারত। অনিরুদ্ধ থাপার জায়গায় নামলেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। সাহালের পরিবর্তে রহিম আলি। তখনই বোঝা গিয়েছিল, ভারতীয় দল তুমুল আক্রমণ করবে, তা হলেও শেষরক্ষা হয়নি।
ম্যাচের ৫৫ ও ৫৮ মিনিটে দুটি মিস করেন রহিম আলি। কুয়েত রক্ষণ আক্রমণ প্রতিহত করেছে। তবে যে ধরনের খেলা খেলেছে ভারতীয় দল, তা ভাল নয়। সুনীলের মতো কিংবদন্তির শেষ ম্যাচে আরও ভাল কিছু আশা করা গিয়েছিল। যুবভারতীতে প্রায় হাজার ষাটেক দর্শক হয়েছিল। তাঁরাও একটি গোল দেখতে চেয়েছিলেন। ম্যাচ শেষে সুনীল সারা মাঠ ঘোরেন। কোচ ইগর বলেছেন, সব কিংবদন্তির শেষটা সুখের হয় না, তবুও সুনীলের জন্য ছেলেরা লড়াই করেছে।
ভারতের গ্রুপের যা অবস্থা তাতে কাতার শীর্ষে রয়েছে। দ্বিতীয় দল ভারত, কিন্তু পরের রাউন্ডের ম্যাচে কুয়েত যদি আফগানিস্তানকে হারায়, তা হলে দ্বিতীয় দল হিসেবে কাতার ও কুয়েত পরের রাউন্ডে যাবে।
সুনীল ছেত্রী @chetrisunil11, জীবনের এক গৌরবোজ্জ্বল নতুন যাত্রার সূচনায় তোমাকে স্বাগত জানাই। তুমি আজ নতুন এক অধ্যায়ের মুখে! স্বাগতম!
— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2024
তুমি বাংলার সোনার ছেলে, জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এশিয়ার খ্যাতনামা ক্রীড়াতারকা, সারা বিশ্বে সমাদৃত গোলদাতা - সর্বার্থে সফল।
আমি নিশ্চিত যে…
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনীলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, তুমি বাংলার সোনার ছেলে। ভারতের অধিনায়ক, এশিয়ার নামী তারকা ও সেইসঙ্গে বিশ্বে সর্বোচ্চ গোলদাতার মধ্যে একজন। আগামী দিনেও সুনীল সফল হবে, সেটি বলাই যায়।