
শেষ আপডেট: 11 January 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে টি২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট টিম। টি২০ বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি২০ সিরিজ। তাই বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষানিরীক্ষা করার শেষ সুযোগ ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের। মোহালিতে রোহিত শর্মারা শুধু আফগানিস্তানের বিরুদ্ধে নয়, লড়াই করবে আহাওয়ার সঙ্গেও!
প্রবল ঠান্ডায় কাঁপছে মোহালি। ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। তাই মাঠে ঠান্ডায় কাবু হওয়ার সম্ভাবনা আছে ক্রিকেটারদের। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার মোহালির তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সূর্য ডুবলেই হুহু করে তাপমাত্রার পারদ নামতে থাকবে।
গোটা উত্তর-ভারতই প্রবল ঠান্ডায় কাঁপছে। দিনের বেলার তাপমাত্রাও ১০ ডিগ্রির সামান্য ওপরে থাকছে। আর রাতের বেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যায়। ম্যাচ যত এগোবে ঠান্ডার প্রকোপ আরও বাড়বে। এছাড়াও কুয়াশার দাপট থাকবে। ম্যাচের সময় কুয়াশা কতটা প্রভাব ফেলবে, সেটাই ভাবাচ্ছে রোহিতদের।
দেড় বছর পর রোহিত টি২০ ম্যাচ খেলবেন। বিরাট কোহলির খেলার কথা থাকলেও তিনি মোহালিতে খেলবেন না। রোহিত ছাড়া এদিনের ভারতীয় দলে মূলত তরুণ ব্রিগেডকেই দেখা যাবে। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে।