
শেষ আপডেট: 2 November 2023 18:25
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা এবারও ব্যর্থ হলেন ঘরের মাঠে। আন্তর্জাতিক মঞ্চে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত ঘরের মাঠে সফল হননি। কিন্তু তাঁর ব্যর্থতা ঢাকলেন দলের তিন ব্যাটার। শুভমন গিল (৯২), বিরাট কোহলি (৮৮) ও শ্রেয়স আইয়ার (৮২)।
ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে পাহাড়প্রমাণ রান গড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত তুলল ৩৫৭ রান আট উইকেট বিনিময়ে। তিন ব্যাটারই নিশ্চিত সেঞ্চুরি থেকে ফিরলেন। কোহলির সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিল সারা মাঠ। তাঁর সামনে শচীনের ওয়ান ডেতে ৪৯তম সেঞ্চুরি স্পর্শের সুযোগ ছিল।
রবীন্দ্র জাদেজাও ২৪ বলে ৩৫ রান করে দলের রানকে টেনেছেন। ভারতের এই রান তুলতে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বে শ্রীলঙ্কা।
১৯৩ রানে দুই উইকেট থেকে ১৯৬ রানে ৩। চাপে পড়ে যায় ভারত। ফর্মে থাকা লোকেশ রাহুল শুরুটা ভালো করলেও তাঁর ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ১৯ বলে ২১ রানে আউট হন। তাঁকে আউট করেন দুশ্মন্ত চামিরা।
সূর্য কুমার যাদব (৯ বলে ১২) এদিন বেশি রান পেলেন না। তাঁর উইকেট নিলেন মধুশঙ্খ। তবে মিডল অর্ডারে ভাঙন ধরলেও রুখে দাঁড়ালেন শ্রেয়স আইয়ার।
ওয়াংখেড়ে তাঁরও ঘরের মাঠ। তাঁর ব্যাট থেকে এল ৫৬ বলে ৮২ রান। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা।
গিল করেন ৯২ বলে ৯২ রান,যারমধ্যে রয়েছে ১১টি চার ও দুটি ছয়।