
শেষ আপডেট: 2 November 2023 20:49
দ্য ওয়াল ব্যুরো: এও কী সম্ভব! এভাবে কোনও ক্রিকেট ম্যাচ হতে পারে। ভারতের ৩৫৭ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট ৫৫ রানে। বিশ্ব ক্রিকেট এর আগে এমন ম্যাচ দেখেনি। বিশ্বকাপে তো বটেই, সমগ্র ক্রিকেট মিলিয়েও রেকর্ড।
ভারত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে গেল প্রথম দল হিসেবে। এই তথ্য তো থাকলই, কিন্তু থাকল না যেটা, সেটি হল শ্রীলঙ্কার কেন এমন করুণ আত্মসমর্পণ।
তিন রানে শ্রীলঙ্কার চার উইকেট পড়তে, আলোচনা চলছিল কতটা টানতে পারবে রণতুঙ্গা, ডি’সিলভাদের জাতীয় দল। যেভাবে মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা ও মহম্মদ শামিরা আগুনে স্পেল করলেন, তাতে ম্যাচের ভাগ্য অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল।
ভারতের তিন পেস বোলার বুমরা, শামি ও সিরাজ মিলে ১৩ ওভারেই আট উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। শ্রীলঙ্কার মোট সাতজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন।
সব থেকে বড় কথা, সিরাজ ও বুমরা পেস বোলিংয়ে ওইরকম দুরন্ত শুরু করার পরে শামির জন্য যে কিছু পড়ে থাকতে পারে, এটা সারা মাঠ ভাবতে পারেনি। কিন্তু শামি দেখালেন তিনি এবার বিশ্বকাপে স্বপ্নের ফর্মে বিরাজ করছেন। তিন ওভারে সাত রান দিয়ে চার উইকেট, একটা সময় ছিল। শামি নিলেন পাঁচ উইকেট ১ ৮ রানের বিনিময়ে।
১৪ রানে একটা দলের ছয় উইকেট পড়ে যাওয়ার পরে আর কী বা থাকতে পারে। শ্রীলঙ্কার এমন করুণ অবস্থা তাদের দেশের আর্থিক ভঙ্গুরতাকে মনে করাল। তাদের দেশের আর্থিক বুনিয়াদ যেমন ভেঙে পড়েছে, তেমনি এদিন মেগা মঞ্চে তাদের ব্যাটিংয়ের হাল হয়েছে।
শামির কাছে এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, তেমনি পুরো ভারতীয় দল যেভাবে জিতে সেমিতে গেল, সেটিতে তাদেরই চ্যাম্পিয়নের মতো লাগছে।
এম্যাচে কোহলি (৮৮), শুভমন গিল (৯২) ও শ্রেয়স আইয়ার (৮২) দলকে টেনেছেন। কিন্তু ওই পাহাড়প্রমাণ রান করার পরে দলের বোলাররা এমন রুদ্রমূর্তি ধারণ করবেন ভাবা যায়নি। সিরাজ, বুমরা ভাল বোলিং করলেও শামি দুরন্ত, তিনি ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন।