
শেষ আপডেট: 30 January 2024 20:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অনূর্ধব ১৯ দল বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের পথে। তারা ২১৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। মুশির খান একাই ম্যাচের রং বদলে দেন।
ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দাদা সরফরাজ খান। ভাই মুশির যুব বিশ্বকাপকে রাঙিয়ে দিচ্ছেন। এদিন ১২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। মুশিরের ইনিংসে রয়েছে ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি।
২৯৫ রানের মধ্যে মুশির একাই সিংহভাগ রান করেন। ওপেনার আদর্শ সিং ৫২ রান করেন। বাকিরা অবশ্য সেভাবে রান পাননি। ৫০ ওভারে ভারত করে ৮ উইকেটে ২৯৫ রান। বিনিময়ে নিউজিল্যান্ড দল ৮১ রানে শেষ হয়ে গিয়েছে।
জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের সামনে কেউই প্রতিরোধ গড়তে পারেননি। কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন অস্কার জ্যাকসন (১৯)। ভারতীয় বোলারদের মধ্যে সাওমি পাণ্ডে ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন।