
শেষ আপডেট: 14 January 2024 22:37
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি ভারতের হয়ে টি ২০ ক্রিকেটে ফিরলেন ১৪ মাস পরে। তিনি কিছু করলেই নায়কের আসনে বসতেন। কিন্তু রবিবার ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতল ভারতীয় দল। জয়ের ব্যবধান ছয় উইকেটে।
আফগানরা প্রথমে ব্যাটিং নিয়ে করেছিলেন ২০ ওভারে ১৭২ রান। ভারতীয় দল চার উইকেটে জয়ের রান তুলে দিয়েছেন। ব্যাটিং ইনিংসে কোহলি নন, বরং ওপেনার যশস্বী জয়সোয়াল (৬৮) ও শিবম দুবে (৬৩) দুরন্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়ে দিয়েছেন। যশস্বী আউট হয়ে গেলেও শিবম গত ম্যাচের মতোই এদিনও দুরন্ত মেজাজে মাঠ ছাড়লেন।
ম্যাচের ২৬ বল আগেই ১৭৩ রান চার উইকেটের বিনিময়ে করে দিয়েছে ভারতীয় দল। রোহিত ও কোহলিদের সামনে তারুণ্যের তেজ দেখলেন ক্রিকেট প্রেমীরা। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন যশস্বী। তিনি এদিন শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। গত আইপিএলের নায়ক যেভাবে শেষ করেছিলেন, শুরুটাও করলেন সেইভাবে। তাঁর ৬৮ রান এসেছে মাত্র ৩৪ বল খেলে। ইনিংসে রয়েছে পাঁচটি চার ও ছয়টি ওভার বাউন্ডারি।
দলের অধিনায়ক রোহিত শর্মা এদিনও খাতা না খুলেই আউট হয়ে গিয়েছেন। গত ম্যাচে শুভমনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছিলেন। এদিন ইনিংসের শুরুতেই রোহিত ফারুকির বলে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। তিনে নামেন বিরাট। তিনি ৪৩০ দিন পরে আবারও দেশের হয়ে টি ২০ খেলতে নামলেন। কোহলির ২৯ রান এসেছে ১৬ বল খেলে। ইনিংসে রয়েছে ৫টি বাউন্ডারি। কোহলি আউট হন নভীন উল হকের বলে। যে নভীনের সঙ্গে আইপিএলে তাঁর বিতণ্ডা বেঁধেছিল, তিনি কিং কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন।
ভারতকে তারপর ম্যাচে ফেরান শিবম দুবে। যিনি এমএস ধোনির পরামর্শে পুরো বদলে গিয়েছেন। গত ম্যাচের মতোই তিনি এই ম্যাচেও হার না মানা ইনিংস খেলে সকলের নজর কাড়লেন। শিবমের ৬৩ রান এসেছে মাত্র ৪৪ বল খেলে, যার মধ্যে রয়েছে চারটি বাউন্ডারি ও পাঁচট বিশাল ছক্কা।
এর মধ্যে ভারতের বাকি দুই ব্যাটার জিতেশ শর্মা শূন্য রান করেন। আর শেষদিকে নেমে রিঙ্কুর সেই জেদ ভারতকে জয়ের তিরে পৌঁছে দিয়েছে। নয় রানের ইনিংসে রয়েছে একটি চার। ভারতের বোলারদের মধ্যে তিন উইকেট পেয়েছেন পেসার অর্শদীপ সিং। দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। এক উইকেট নেন শিবম। ১৭ রানে দুই উইকেট নিয়েছেন অক্ষর, তিনিই ম্যাচের সেরা।
তিনটি ম্যাচের দু’টিতে জিতে ভারতীয় দল সিরিজ জিতে নিয়েছে। টি ২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোনও টি ২০ সিরিজ খেলবেন না রোহিতরা। তার আগে এই মহড়া সিরিজ ভালই গেল দেশের ক্রিকেটারদের। তবে এই সিরিজে ভারতের আবিষ্কার শিবম, তিনি দেখালেন দেশের জার্সিতেও তিনি সফল হওয়ার ক্ষমতা রাখেন।