
দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ পকেটে পুরতে চায় রোহিত শর্মার দল
শেষ আপডেট: 8 February 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ৯ ফেব্রুয়ারি কটকের বরাবাটি স্টেডিয়ামে আয়োজন করা হবে। সিরিজের প্রথম ম্যাচটা জিতে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এবার দুটো দলই দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে। যদিও বৃষ্টির কারণে এই ম্যাচ কিছুটা বিঘ্নিত হতে পারে। ৯ ফেব্রুয়ারি কেমন থাকবে কটকের আবহাওয়া, আসুন জেনে নেওয়া যাক।
দ্বিতীয় ম্যাচ চলাকালীন বরুণদেব নাক গলাতে পারেন। অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত রিপোর্ট অনুসারে, কটকের ন্যুনতম তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বাধিক ৩১ ডিগ্রি সেলসিয়াস। যদিও ৯ ফেব্রুয়ারি ১০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেকারণে এই ম্যাচ কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে ৫৩ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকবে। এছাড়া প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। ৯ ফেব্রুয়ারি আকাশে কিছুটা হলেও কালো মেঘ থাকবে। মোটের উপর আবহাওয়া বেশ ভাল থাকবে।
কটকের বরাবাটি স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পিন সহায়ক হয়ে থাকে। এখানে স্পিন বোলাররা যথেষ্ট সাহায্য পেয়ে থাকেন। বল কিছুটা আটকে ব্যাটারদের কাছে আসে। সেইদিক থেকে এই উইকেটে যে রানের বন্যা দেখতে পাওয়া যাবে না, তা বলা যেতেই পারে। ইংল্যান্ড ব্যাটারদের এই উইকেটে যথেষ্ট লড়াই করতে হতে পারে। কারণ, ভারতের স্পিন সহায়ক উইকেটে ব্রিটিশ ব্য়াটাররা সচরাচর যথেষ্ট লড়াই করেছেন। ভারতীয় ক্রিকেট দল রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের উপর যথেষ্ট ভরসা রাখতেই পারে। তবে ইংল্যান্ডের স্পিন বোলিং ডিপার্টমেন্টে আদিল রশিদও অবশ্য থাকবেন। তাঁকেও সামলে খেলতে হবে রোহিতদের।
ভারত - রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, যশস্বী জয়সওয়াল, বরুণ চক্রবর্তী, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ড - ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রায়ডন কার্স, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, জেমি ওভারটন, সাকিব মেহমুদ, জেমি স্মিথ, জোফ্রা আর্চার।