
শেষ আপডেট: 13 January 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান কাপের শুরুটা ভাল হল না সুনীল ছেত্রীদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ গোলে হেরে গেল ভারত। এই টুর্নামেন্টে পরের পর্যায়ে যেতে গেলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ জিততেই হবে সুনীলদের।
ফিফার ক্রম তালিকা দেখলেই পার্থক্যটা স্পষ্ট। ২৫ নম্বর দলের সঙ্গে লড়াই ১০২ নম্বর দলের। অর্থাৎ অস্ট্রেলিয়া বনাম ভারত। এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিলেন সুনীল ছেত্রীরা। মাঝমাঠ ছেড়ে অস্ট্রেলিয়ান ফুটবলারদের ওপরের দিকে উঠতেই দিচ্ছিল না ভারতীয় ডিফেন্স। সন্দেশ জিঙ্ঘানদের মতো তারকা ডিফেন্ডাররা বারবার আটকে দিচ্ছিলেন অস্ট্রেলিয়াকে।
শুধু তাই পাল্টা আক্রমণেও যেতে দেখা গেছে ভারতকে। ম্যাচের ১৬ মিনিটের মাথায় সহজ গোল মিস করেন অধিনায়ক সুনীল। মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে আসেন নিখিল পূজারি। অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে ডজ করে বল নিয়ে নিখিল পৌঁছে যান অজিদের বক্সে। তাঁর বাড়ানো পাসে মাথা ছোঁয়ালেই গোল নিশ্চিত ছিল। কিন্তু সেই সহজ সুযোগ মিস করলেন সুনীল। সেখানেই ১-০ গোলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভারতের। কিন্তু হল না।
প্রথমার্ধে বাকি সময় বার কয়েক ভারতীয় ফুটবলাররা আক্রমণে উঠেছিলেন, তবে শেষ পর্যন্ত কাজের কাজটা হয়নি। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার রং পাল্টে ফেলে অস্ট্রেলিয়া। গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন অজি ফুটবলাররা।
ম্যাচের ৫০ মিনিটের মাথায় জর্ডন বসের বাড়ানো বল ধরতে এগিয়ে আসেন গোলকিপার গুরপ্রীত সিং। তিনি বলটি ধরে রাখতে পারেননি। সেটা সরাসরি আরভিনের কাছে চলে যায়। সেই বল ধরে ভারতের জালে জড়িয়ে ধরেন আরভিন। ৭২ মিনিটের মাথায় জর্ডন দ্বিতীয় গোল করে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন।
শেষ পর্যন্ত সেই ব্যবধান আর মেটাতে পারলেন না সুনীলরা। রেফারি যখন খেলা শেষের বাঁশি বাজান ব্যবধান সেই ২-০ গোলেই এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। দোহাতে হেরেই ম্যাচ ছাড়লেন ভারতীয় ফুটবলাররা।