
শেষ আপডেট: 11 October 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে সহজে জয় পেয়েছে পাকিস্তান। তারপরেও তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠছে। বলা হচ্ছে, ইমাম উল হক ইচ্ছে করে দড়ি সরিয়ে ক্যাচ নিয়েছেন। এই নিয়ে বিশ্বকাপের মঞ্চ উত্তাল।
মঙ্গলবার রাতের ম্যাচে হাসান আলির বলে কুশল মেন্ডিসের একটা ক্যাচ বাউন্ডারি লাইনের সামনে ধরেন ইমাম। বলা হচ্ছে, নিজেই দড়ি সরিয়ে দিয়ে ক্যাচটি নিয়েছেন পাক ফিল্ডার। সেই ভিডিও এবং ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই ছবির ক্যাপশনে লিখেছেন, প্রতারক!
শ্রীলঙ্কা দলের তরফ থেকে অবশ্য কোনও অভিযোগ করা হয়নি আইসিসি-র কাছে। পাক ফিল্ডার ইমাম অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি নিয়মের বাইরে গিয়ে কিছু করেননি।
এদিকে, পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে অনেক রেকর্ড হয়েছে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বেশি রান (৩৪৫) তাড়া করে পাওয়া জয়ের তালিকায় স্থান করে নিয়েছে এটি। এর আগে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ৩৪৯।
পাকিস্তান ৮ শ্রীলঙ্কা ০। বিশ্বকাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এ পর্যন্ত আটবার সাক্ষাৎ ঘটেছে। শ্রীলঙ্কার কোনও জয় নেই। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি জয়ের কীর্তি এটি। এর পরেই রয়েছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ৭-০তে এগিয়ে ভারত।
এবার পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে চারটি সেঞ্চুরি হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে এক ম্যাচে চার সেঞ্চুরির প্রথম ঘটনা এটি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয়।
ওয়ানডেতে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল লাহোরে। ১৯৯৮ সালে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচে প্রথমবার চার সেঞ্চুরি হয়েছিল। দ্বিতীয়বার ২০১৩ সালে।
পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের অভিষেক ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব আবদুল্লা শফিকের। এর আগে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের কীর্তি ছিল মহসিন খানের। ১৯৮৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রান করেন তিনি।