
শেষ আপডেট: 23 December 2023 16:26
দ্য ওয়াল ব্যুরো: ব্রিজভূষণ সিংয়ের বদলে তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিং বসেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান পদে। তার প্রতিবাদে কুস্তি ছেড়েছেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। এমনকী দেশের দেওয়া পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কুস্তিগির বজরং পুনিয়া। এবার নিজের পদ্ম পুরস্কার ফিরিয়ে দিতে চাইলেন দেশের আরও এক কুস্তিগির বীরেন্দ্র সিং যাদব।
শনিবার সংবাদমাধ্যমের সামনে বীরেন্দ্র জানিয়েছেন, দেশের মা-বোনেদের সম্মান রক্ষার জন্য তিনিও এবার পদ্মশ্রী ফিরিয়ে দিতে চান। উল্লেখ্য, মূক ও বধির কুস্তিগির হিসাবে পদ্মশ্রী সম্মানে ভূষিত বীরেন্দ্র। কুস্তি লড়ে বিশ্বমঞ্চে বহু খেতাব জিতেছেন তিনি। এবার তিনিও এই লড়াইয়ে পা মেলালেন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় কুস্তি মহলে।
উল্লেখ্য, সাক্ষী মালিকের অবসর গ্রহণের পরেই বজরং নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “আমরা দেশের মহিলাদের সম্মানের জন্য লড়াই করছিলাম। এতবছর দেশের জন্য পদক জেতাই আমাদের কাছে প্রাধান্য পেত। কিন্তু এখন সেই দেশেই মেয়েরা সুবিচার পাচ্ছে না। সরকারের ওপর আমাদের কোনও আস্থা নেই। তাই আমি পদ্মশ্রী দেশকে ফিরিয়ে দিলাম।”
২০১৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে বজরং পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছিলেন। তার আগে ২০১৮ সালে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। ভারতীয় কুস্তিতে তাঁর অবদান এবং আন্তর্জাতিক মঞ্চে ২০১৮ সালে ওই সাফল্যের জন্যই তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। তবে এবার সেই সম্মান ফিরিয়ে দিলেন তিনি।