
সেরেনা উইলিয়ামস
শেষ আপডেট: 17 April 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনারের (Jannik Sinner) ডোপ বিতর্কে নতুন করে ঘি ঢাললেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাবের মালকিন সেরেনা উইলিয়ামস (Serena Williams)। ইতালিয়না তারকা সিনার ডোপ টেস্টে পজিটিভ হয়েও মাত্র তিন মাস নিষিদ্ধ হয়েছেন। আর এই বিষয়টি একেবারেই মানতে পারছেন না টেনিস বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা সেরেনা।
কিংবদন্তি মার্কিন তারকা সেরেনা এ প্রসঙ্গে বলেন, ‘আমি যদি ডোপ টেস্টে পজিটিভ হতাম, তবে হয়তো ২০ বছরের জন্য নিষিদ্ধ হতাম। হয়তো আমার জেতা সব গ্র্যান্ড স্ল্যাম ট্রফিও কেড়ে নেওয়া হতো।’
২০২৪ সালের ডোপ–কাণ্ডে পজিটিভ হয়েছিলেন সিনার। তবে শাস্তিটা অবশ্য পেয়েছেন চলতি বছরে। সিনার অবশ্য দাবি করেছেন, ফিজিওর অসাবধানতায় তাঁর শরীরে প্রবেশ করেছে নিষিদ্ধ শক্তিবর্ধক। এই দাবি নিয়ে তিনি বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ওয়াডার (Wada) সঙ্গে আইনি লড়াইও করছেন। তবে এ বছরের ফেব্রুয়ারিতে এসে তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নেন তিনি।
আগামী মাসেই উঠবে সিনারের নিষেধাজ্ঞা। তারপরেই কোর্টে ফেরার কথা চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সিনারের।
সেরেনা টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলতে গিয়ে সিনারের প্রসঙ্গে বলেন, ‘আমি ছেলেটাকে পছন্দ করি, এই খেলাটাকেও। খেলাটির জন্য সে দারুণ কিছুই। আমি কারও পতন দেখতে চাই না। ছেলেদের টেনিসের তাঁকে দরকার।’