
আইসিসি-র বিরুদ্ধাচারণ করছেন নোমান মহম্মদ
শেষ আপডেট: 6 March 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই টুর্নামেন্টে তারা একটাও ম্যাচ জিততে পারেনি। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হারার পর, সকলেই আশা করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে হারতে হবে টাইগারদের। কিন্তু, বৃষ্টির কারণে তাদের সম্মান কিছুটা হলে বেঁচে যায়। শেষপর্যন্ত ১ পয়েন্ট ঝুলিতে নিয়ে বাড়ি ফিরে আসেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এদিকে টিম ইন্ডিয়া আবার সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে। আর ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্য একেবারে মেনে নিতে পারছেন না বাংলাদেশের সমর্থকরা। তাঁরা মনে করেন, আইসিসি 'বিশেষ সুবিধা' দিচ্ছে বলেই, ভারত এভাবে সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে উঠছে।
ইতিমধ্য়ে বাংলাদেশি এক ইউটিউবারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ভারতের জয়ের বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা যে কতটা হতাশ, সেটা এই একটি ভিডিওই স্পষ্ট করে দিচ্ছে। 'নট আউট নোমান' নামে ওই চ্যানেলে দাবি করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুবিধার জন্য যা যা করা হচ্ছে, সেটাকে স্রেফ গুণ্ডামি বলা যেতে পারে। ]জোর যার, মুলুক তার'-এর ক্রিকেটীয় ভার্সন। আর ভারতের ইশারায় তাদের সুবিধার জন্য আইসিসি যা করছে, তারা নিজেদের যেভাবে বিকিয়ে দিয়েছে, এটা আসলে স্রেফ চামচামি।
নোমান মহম্মদ নামে বাংলাদেশের ওই ইউটিউবার এখানেই থামেননি। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারকে অপমান করার পাশাপাশি ইনজামাম উল হকের পাশে দাঁড়িয়েছেন। টিম ইন্ডিয়ার লিটল মাস্টারকে তিনি 'রংবাজ' বলে অপমান করেন। প্রসঙ্গত, নিরাপত্তার কারণে টিম ইন্ডিয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি। এই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। এমনকী, পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক কয়েকদিন আগে আইপিএল বয়কট করার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারতীয় ক্রিকেটাররা কখনই বিশ্বের অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আসে না। সেকারণে বিশ্বের বাকি ক্রিকেট বোর্ডেরও উচিত আইপিএল খেলার জন্য ভারতে ক্রিকেটার না পাঠানো। এবার সেই সুরেই তাল মিলিয়েছেন বাংলাদেশের ওই ইউটিউবার।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোন দুটো দল খেলতে নামবে, তা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম সেমিফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিল। আর দ্বিতীয় সেমিতে নিউজিল্যান্ড ৫০ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। অর্থাৎ আগামী রবিবার (৯ মার্চ) এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়াকে আরও একবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে।
রবিবাসরীয় ম্যাচে টিম ইন্ডিয়া তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে মাঠে। আর একটা ম্যাচ জিততে পারলেই হবে সেই অসাধ্যসাধন। ভারত ইতিপূর্বে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার এই টুর্নামেন্ট জিতেছিল। যদিও ২০০২ সালে ভারতকে এই টুর্নামেন্টে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। সেইসময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী রবিবার নিউজিল্যান্ডকে হারাতে পারলেই তৃতীয়বার সেই ইতিহাসের পুনরাবৃ্ত্তি ঘটাতে পারবে রোহিত শর্মার দল।