1.png)
ডায়মন্ড হারবার এফসি
শেষ আপডেট: 25 April 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: আবির্ভাবের কয়েক বছরের মধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhyay) দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ কিবু ভিকুনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে আগেই চমক দিয়েছিল এই দল। শেষ কলকাতা লিগেও তারা চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছিল তার। এবার তারা হয়েছে আই লিগ-২ চ্যাম্পিয়ন (I League-2 Champion)।
গত শনিবার আইজলের মাঠে চানমারি এফসিকে ১–০ গোলে হারিয়ে আই লিগ-২-তে চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার। তারে আগে একই মরশুমে আই লিগ থ্রি-ও চ্যাম্পিয়ন হয়েছিল কিবুর ছাত্ররা। একই মরশুমে আই লিগের দু’টি সংস্করণে এর আগে চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনও ক্লাব। এবার ডায়মন্ড হারবার এফসি খেলবে আই লিগে।
যদিও এখনও আই লিগ-২-এর একটি ম্যাচ বাকি রয়েছে ডিএইচএফসি-র। তাই এখনও ট্রফি ওঠেনি ডায়মন্ড হারাবারের হাতে। শনিবার নিয়মরক্ষার শেষ ম্যাচে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে নামবে তারা। ম্যাচটি হবে নৈহাটি স্টেডিয়ামে। আর শেষ ম্যাচের পরেই ট্রফি তুলে দেওয়া হবে ডায়মন্ড হারবারের হাতে।
ট্রফি জয়ের সাফল্য উদযাপনের জন্য ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, একটি বিশেষ অনুষ্ঠান ও রবিবার (২৭ এপ্রিল) ভিকট্রি মার্চ (Victory March) করা হবে। সেই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। ক্লাব সূত্রে জানা গিয়েছিল, ক্রীড়ামন্ত্রীই ডায়মন্ড হারবার এফসির ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেবেন। এই মর্মে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটিকে চিঠিও দিয়েছিল ক্লাব।
তবে এদিন ক্লাব সূত্রে জানা গিয়েছে, রবিবারের ভিকট্রি মার্চ স্থগিত (Postponed) করা হয়েছে। ক্লাবের তরফে বলা হয়েছে, ‘পহেলগামে দুঃখজনক ঘটনার পর মৃতদের প্রতি শ্রদ্ধার নিদর্শন তুলে ধরতে আমাদের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ভিকট্রি মার্চ স্থগিত রাখা হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তদের ও তাঁদের পরিবারের পাশে থেকে সংহতি প্রকাশ করছি।’