
শেষ আপডেট: 5 April 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে ধোনিদের চেন্নাই ম্যাচের আগে অদ্ভুত সংকট তৈরি হয়েছিল। শুক্রবারই সন্ধ্যায় চেন্নাই ও হায়দরাবাদের মধ্যে ম্যাচ রয়েছে আইপিএলে। তার আগে জানা গিয়েছে, উপ্পল স্টেডিয়ামের বিদ্যুতের বিলই বাকি রয়েছে তিন কোটি টাকা।
ম্যাচ শুরুর আগে অবশ্য ওই সমস্যা মিটেছে বলে জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগন মোহন রাও। তিনি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রায় তিন কোটি টাকা বকেয়া বিল পাঠিয়েছিল আমাদের রাজ্য বিদ্যুৎ পর্ষদ। তারা স্টেডিয়ামের বিদ্যুৎ বন্ধও করে দিয়েছিল বৃহস্পতিবার রাতে। ম্যাচ হওয়া নিয়ে সমস্যা হয়। তারপর হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফ থেকে অর্ধেক বিল মেটানোর পরে স্থির হয় খেলা শুরু হবে নির্ধারিত সময়েই। ম্যাচের সময় সন্ধ্যা সাড়ে সাতটা।
হায়দরাবাদে ক্রিকেট সরবরাহ করে ডিসকম নামে এক সংস্থা। তারা জানিয়েছে, স্টেডিয়াম কর্তৃপক্ষ গত সাতবছর ধরে বিদ্যুতের বিল মেটায়নি। যে কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবশ্য রাজ্যের সম্মানের কথা ভেবে ফের মাঠে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, তাতে খেলা শুরু হতে সমস্যা নেই। তবে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা মারফৎ জানা গিয়েছে, স্টেডিয়ামের বিদ্যুতের বকেয়া বিলের টাকা মেটানো হয়েছে। বাকি টাকাও দ্রুত দেওয়া হবে, সেই আশ্বাস পাওয়ার পরেই ওই সংস্থা স্টেডিয়ামে সংযোগ ফিরিয়েছে।
গতবারও এমন একটা ঘটনা ঘটেছিল। সেবার বেঙ্গালুরুর মাঠে এই নিয়ে সমস্যা হয়। ম্যাচের আগে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়।