
শেষ আপডেট: 10 February 2024 23:07
দ্য ওয়াল ব্যুরো: আগেই লিখেছিল দ্য ওয়াল, মোহনবাগান থেকে বাতিল হয়ে যাবেন হুগো বুমোস। সেটাই ঘটল শনিবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এই মরক্কান মিডফিল্ডারকে ছাঁটাই করে কোচ হাবাস নিয়ে এলেন জনি কাউকোকে।
কাউকো আগেই ছিলেন সবুজ মেরুন দলে। চোটের কারণে ফিনল্যান্ডে নিজের দেশে ফিরে গিয়েছিলেন। দেশে রিহ্যাব সেরে কন্ডিশনে ফিরে কলকাতায় পৌঁছে কোচের কাছে ট্রায়ালও দিয়েছেন। সেখানে পাশ করেই এদিন মাঠেও নামলেন শেষ ৩০ মিনিট।
বুমোসের বাদ যাওয়ার কারণ শুধু ফর্ম নয়, তাঁর সঙ্গে কোচ হাবাসের বনিবনা হচ্ছিল না। তিনি প্রস্তুতিতে নিজের মতো থাকতেন। গত ডার্বি ম্যাচেও কোচ দলের প্রথম ১৮ জনে রাখেননি বুমোসকে। সেইসময়ই পরিষ্কার হয়ে গিয়েছিল তাঁর বিদায় সময়ের অপেক্ষা।
শনিবার বুমোসও সোশ্যাল মাধ্যমে লিখেছেন, জোর করে বলতে বাধ্য হচ্ছি বিদায়, তবে আমার হৃদয় তা বলতে চাইছে না। তার মানে তিনি যে এই সরিয়ে দেওয়াকে ভালমতন গ্রহণ করছেন না, সেটি আলোর মতো সাফ হয়ে গিয়েছে।
বুমোস ছিলেন মাঝমাঠের নিউক্লিয়াস। আগের কোচ জুয়ানের পছন্দের ফুটবলার ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এই দলের অস্ত্র ছিলেন। তাঁকে সরিয়ে দেওয়া সমর্থকদের একাংশও মানতে পারছেন না। কাউকো অবশ্য দলের বাকিদের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন। তিনি ইউরো কাপ খেলা তারকা। তিনি এসেও দলের শক্তি বাড়িয়েছেন সন্দেহ নেই।
এদিকে, এদিন ম্যাচে দারুণ খেলেছেন দলের তারকা জেসন কামিন্স। তিনি বলেছেন, আমাদের নতুন কোচ হাবাস এসেই দলের কাঠামো ও খেলার ছক বদলে দিয়েছেন। আমিও নিজের পজিশন ফিরে পেয়েছি। তিনি দলের সকলের সঙ্গে কথা বলে দলের কৌশল নেন। দলের বদলে যাওয়ার কৃতিত্ব কোচ হাবাসের।