
শেষ আপডেট: 17 May 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রীকে নিয়ে আবেগের স্রোত বইছে ভারতীয় ফুটবলে। প্রাক্তন ফুটবলার থেকে কর্তারা, কিংবা দলের বিদেশি কোচ ইগর স্টিম্যাচও ৬ জুনের ম্যাচ নিয়ে একটি বৈঠক করেছেন ভুবনেশ্বরে।
সেই দলীয় সভায় ইগর জানিয়েছেন, আমাদের দলের অধিনায়ক সুনীল অবসর নিচ্ছেন, ওঁর শেষ ম্যাচ ৬ জুন। সেদিন ওঁকে আমরা জয় দিয়ে বিশেষ উপহার দিতে চাই। একজন কিংবদন্তি ফুটবলারের শেষটা ভাল হয় তখনই যদি সেই ম্যাচে জয় পায়, তাই সেদিন আমাদের নিজেদের ছাপিয়ে যেতে হবে। প্রসঙ্গত, বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ হবে কুয়েতের বিরুদ্ধে। এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচও সেদিন।
সুনীলকে ওই ম্যাচের পরে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করছে ফেডারেশন। যদিও ওই ম্যাচটি ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের, তাই প্রোটোকল মেনেই যা করার করতে হবে।
ম্যাচটি তিন সপ্তাহ পরে হলেও সুনীলের বিদায়ী ম্যাচ দেখার জন্য টিকিটের চাহিদাও বাড়ছে। যুবভারতী ভরে যাবে আশা করছে সংগঠকরা। টিকিটের নুন্যতম দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা। এ ছাড়াও ১৫০, ২০০, ২৫০, ৩৫০ ও ১০০০ টাকার ভিআইপি টিকিট রয়েছে। এ ব্লকের টিকিটের দামই ১০০ টাকা করা হয়েছে। টিকিট কবে থেকে কোথায় পাওয়া যাবে, সেটি এখনও ঘোষণা করা হয়নি। ম্যাচটি ফিফার হলেও স্থানীয় সংগঠক হিসেবে আইএফএ বিশেষ দায়িত্ব পাবে।
ওই ম্যাচে সুনীল যে সমস্ত কোচ ও অধিনায়কের অধিনে খেলেছেন, তাঁদের আমন্ত্রণ জানানো হবে। সুনীলের প্রথম কোচ ছিলেন পাঞ্জাবের সুখবিন্দার সিং, তাঁকেও আনা হবে সেদিন। সুনীলের প্রথম অধিনায়ক ছিলেন বাইচুং ভুটিয়া। তিনি ছাড়াও মাঠে থাকবেন বিজয়ন, আনচেরিরাও। ফেডারেশন থেকে সুনীলকে দেওয়া হতে পারে সোনার মুকুট, যদিও এখনও সেটি এআইএফএফ ঘোষণা করেনি।