2.jpg)
জয়ের পর ইস্টবেঙ্গল ফুটবলারদের উচ্ছ্বাস
শেষ আপডেট: 26 February 2025 22:31
দ্য ওয়াল ব্য়ুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে আদৌ উঠতে পারবে ইস্টবেঙ্গল এফসি? বুধবার হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে সেই সম্ভাবনা তারা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে। এই ম্যাচে মনোজ মহম্মদ প্রথমে আত্মঘাতী গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এরপর দলের হয়ে ইনস্যুরেন্স গোলটি করেন মেসি বাউলি। পাশাপাশি এই জয়ের পর লাল-হলুদ সমর্থকরাও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।
ইস্টবেঙ্গল এফসি। যে দলটা গত বছর কলিঙ্গ সুপার কাপ জয় করেছিল, এই বছর ইন্ডিয়ান সুপার লিগের শুরুতেই খেই হারিয়ে ফেলে। প্রথম তিনটে ম্যাচে হারের হ্য়াটট্রিকের পর দলের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। সেই জায়গায় নিয়ে আসা হয় অস্কার ব্রুজোঁকে। কিন্তু, দায়িত্ব নিলেই তো হল না। সংসারও তো গোছাতে হবে। ততক্ষণে আরও তিনটে ম্যাচ হেরে যায় ইস্টবেঙ্গল। আর প্রথম ৬ ম্যাচে হারের কারণেই পয়েন্ট টেবিলে এখন ইস্টবেঙ্গলকে লড়াই করতে হচ্ছে।
তবে এই দলে চোট-আঘাতের সমস্যা যথেষ্ট নিয়মিত। অস্কার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এই দলের ভোল বদলাতে শুরু করে। AFC চ্যালেঞ্জ লিগের নকআউট পর্বে ইস্টবেঙ্গল নিজেদের নাম লিখিয়েছে। পাশাপাশি অস্কার দায়িত্ব গ্রহণের পর প্রথম ৬ ম্যাচে এই দলটা অপরাজিত ছিল। আপাতত কলকাতার এই ফুটবল ফ্র্যাঞ্চাইজি প্লে-অফের চৌকাঠ থেকে মাত্র ২ কদম দুরে দাঁড়িয়ে রয়েছে। ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা আট নম্বরে উঠে এসেছে।
২০২২-২৩ মরশুমের ফরম্যাট অনুসারে, লিগ টেবিলে থাকা শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। এরপর তৃতীয় থেকে ষষ্ঠ স্থানাধিকারী দলগুলোর মধ্যে সিঙ্গল-লেগ প্লেঅফ যোগ্যতা অর্জনের লড়াই হবে।
আপাতত যা পরিস্থিতি, তাতে বাকি দুটো ম্যাচই ইস্টবেঙ্গলকে জিততে হবে। অন্যদিকে নর্থ-ইস্ট ইউনাইটেডকে (২২ ম্যাচে ৩২ পয়েন্ট) যে কোনও একটা ম্যাচ হারতে হবে। কিংবা মুম্বই সিটি এফসি-কে (২১ ম্যাচে ৩২ পয়েন্ট) আর একটাও ম্যাচ জিততে দিলে চলবে না।
এছাড়াও কেরালা ব্লাস্টার্স (২১ ম্যাচে ২৪ পয়েন্ট), পঞ্জাব এফসি (২১ ম্যাচে ২৪ পয়েন্ট) এবং চেন্নাইন এফসি-কে (২২ ম্যাচে ২৪ পয়েন্ট) বাকি ম্যাচগুলোর মধ্যে যে কোনও একটায় হারতে হবে। সবথেকে বড় কথা, ওড়িশা এফসি (২২ ম্যাচে ২৯ পয়েন্ট) যে শেষ দুটো ম্যাচের মধ্যে তিন পয়েন্টের বেশি অর্জন করতে না পারে।