দ্য ওয়াল ব্যুরো: ফিনল্যান্ডের মাটিতে তেরঙ্গা ওড়ানোর সময় ঘুণাক্ষরেও জানতে পারেননি দেশে কী চলছে তাঁকে নিয়ে। একদিকে শুভেচ্ছার বন্যা, অন্যদিকে অ্যাথলেটিক্স ফেডারেশনের করা টুইট নিয়ে বিতর্ক। যখন জানলেন তখন অ্যাথলেটিক্স ফেডারেশনের পাশেই দাঁড়ালেন সোনার মেয়ে হিমা।
সেমি ফাইনালের পর মিডিয়ার সঙ্গে কথা বলেছিলেন হিমা। সেই ভিডিও তুলে ধরেই ফেডারেশনের তরফে টুইট করা হয়, ‘ইংরেজিতে খুব একটা সাবলীল নন হিমা। তবুও তিনি চেষ্টা করেছেন। আমরা তোমার জন্য গর্বিত। ফাইনালেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা কোরো।’ ফাইনালে সোনা জেতার পরেই এই টুইট নিয়ে বিতর্ক শুরু হয়।
https://twitter.com/afiindia/status/1017247103578460160
কেউ লেখেন, 'হিমার কাজ ভাল ইংরেজি বলা নয়, ভারতে এরকম ভাল ইংরেজি বলতে পারা অনেকে আছে কিন্তু হিমার মতো ভাল দৌড়তে পারে এরকম অনেক কমই রয়েছে।' কেউ আবার লেখেন, 'হিমার কাজ ভাল ইংরেজি বলা নয়, ট্র্যাকে ভাল পারফর্ম করা।’ শুধু সাধারণ লোকই নন, অ্যাথলিট জগতের অনেকেই এর বিরোধিতা করেন। তাঁরা বলেন, ফেডারেশনের তরফে এভাবে সরাসরি হিমার ইংরেজি নিয়ে মন্তব্য মেয়েটির মনোবল কমানোর কাজ করবে। হিমা যেখান থেকে উঠে এসে আজ এই কৃতিত্বের অধিকারি হয়েছেন, তা কোনও রুপকথার থেকে কম নয়। তাই ফেডারেশনের উচিত আরও বেশি করে হিমার পাশে থাকা। তা না করে নেতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছে ফেডারেশন।
এই বিতর্ক হওয়ার পর অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করে ফেডারেশন। তাদের তরফে জানানো হয়, ‘হিমার ইংরেজির নিন্দা তারা করতে চাননি। তাদের প্রধান উদ্দেশ্য ছিল হিমার আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতার পরিচয় দেওয়া। হিমা কোনও কিছুতেই লজ্জা পায়না। হিমা লড়াকু। ফেডারেশন হিমার সবথেকে বড় সমর্থক। কিন্তু কারও খারাপ লেগে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী।’
https://twitter.com/afiindia/status/1017696841977225216
এই খবর শোনার পর হিমা অবশ্য ফেডারেশনের পাশেই দাঁড়িয়েছেন। ফিনল্যান্ড থেকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে হিমা জানান, ‘সোনা জেতার পর গতকাল রাতে আমি ঠিকমতো ঘুমাতেও পারিনি। আমি শুক্রবার বিকেলে ফেডারেশনের করা টুইট নিয়ে বিতর্কের খবরটা পেলাম। আমার মনে হয় এই নিয়ে খুব বেশি কথা বলা উচিত নয়। ফেডারেশন ভুল কিছু বলেনি।’
হিমা আরও বলেন, ‘আমার ইংরেজি সত্যিই ভালো নয়। অন্যদের তুলনায় মাত্র ৪০ শতাংশ। ফেডারেশন বলতে চেয়েছে এই সামান্য ইংরেজি জানা স্বত্বেও আমি মিডিয়ার সামনে কথা বলতে ভয় পাইনি। এটাতে ভুলের কিছু নেই। আমি একটুও দুঃখ পাইনি। বরং আমি খুশি। প্রত্যেকের উচিত অ্যাথেলেটিক্স ফেডারেশনকে সমর্থন করা। কারণ ফেডারেশন ভারতের আথলিটদের খেলার মানের উন্নতিতে অনেক পরিশ্রম করছে।’
এছাড়াও নিজের টুইটারে হিমা একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ যাঁরা যাঁরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানান। এছাড়াও ভারতের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন হিমা। বলেছেন যে সমর্থন তিনি পেয়েছেন সেটা তাঁকে আরও বেশি পদক জয়ে উৎসাহিত করবে।
https://twitter.com/HimaDas8/status/1017778098711027712
ফেডারেশনকে নিয়ে করা হিমার মন্তব্যেরও দু’রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নেটিজেনদের কাছে। একটা অংশ তাঁকে সমর্থন করে বলেছেন, ফেডারেশনের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়ে একদম ঠিক কাজ করেছেন তিনি। তবে আরেকটা অংশের বক্তব্য, এটা বলা ছাড়া কোনও উপায় ছিল না হিমার। কারণ তিনি আসামের এক দরিদ্র পরিবার থেকে এসেছেন। তাই তাঁকে পরবর্তীকালেও ফেডারেশনের সাহায্যের দরকার পড়বে। তাই ফেডারেশনকে বিন্দুমাত্র চটিয়ে লাভ নেই তাঁর। বাধ্য হয়েই তাই ফেডারেশনের প্রশংসা করেছেন হিমা।
কারণ যাই হোক, তাঁর কৃতিত্বকে অবশ্য কেউ ছোট করছেন না। ভারতকে গর্বিত করা সোনার মেয়ের দৌড় এভাবেই চলতে থাকুক, সেটাই প্রার্থনা কাশ্মীর থেকে কন্যাকুমারীর।