দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ফিনল্যান্ডের টাম্পেরেতে ‘জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে’ ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন অসমের বছর আঠেরোর হিমা দাস। তারপর থেকেই গুগলে ট্রেন্ডিং হিমা। কিন্তু আশ্চর্য্যের ব্যাপার, মানুষের নজর তাঁর কৃতিত্বের উপর নয়, জাতের উপর।
মাত্র ৫১.৪৬ সেকেন্ডে ৪০০ মিটারের দৌড় জিতে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে প্রথম সোনা পেয়েছেন হিমা। এই কৃতিত্ব পিটি ঊষা থেকে শুরু করে ‘ফ্লায়িং শিখ’ মিলখা সিং কারও নেই। সোনা জয়ের পর পোডিয়ামে দাঁড়িয়ে তেরঙা ওঠার সময় দেখা যায় দু’চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। এই চোখের জল দেশের প্রতি তাঁর ভালোবাসাকেই প্রকাশ করেছে।
https://twitter.com/NANDANPRATIM/status/1018492481510563840
কিন্তু গুগল সার্চ কিন্তু সেকথা বলছে না। হিমার পরিশ্রম, কৃতিত্বের থেকে মানুষের বেশি কৌতূহল তাঁর জাত নিয়ে। তাই সবচেয়ে বেশি সার্চ হচ্ছে ‘হিমা দাস কাস্ট।’ আর এই নিয়েই সরব হয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, এর মাধ্যমে আসলে হিমার কৃতিত্বকে অসম্মান করা হলো, অসম্মান করা হলো তাঁর পরিশ্রমকে। আবার কেউ লিখেছেন, এই ধরণের মানসিকতার জন্য লজ্জা পাওয়া উচিত দেশের লোকেদের।
https://twitter.com/thenidheesh/status/1018499254564806656
অসমের ধিঙায় কৃষক পরিবারে বড় হওয়া হিমা ছোট থেকে খেলতে ভালোবাসতেন ফুটবল। অভাবের সংসার, কিন্তু চোখে ছিল স্বপ্ন। সেই স্বপ্নকেই লালন করেছেন কোচ নিপন দাস। পরিশ্রমের ফসল পেয়েছেন হিমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের তাবড় তাবড় ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন হিমাকে। প্রত্যেকেই প্রশংসা করেছেন হিমার সাফল্যের। কিন্তু তারমধ্যেই গুগলে হিমাকে নিয়ে নেতিবাচক সার্চ বুঝিয়ে দিল ভারতের সাধারণ মানসিকতাকেই।