
শেষ আপডেট: 5 October 2023 15:10
দ্য ওয়াল ব্যুরো: লাইক মাদার, লাইক ডটার! এরকম সাধারণত দেখা যায় না। মা একটা সময় এশিয়ান গেমসে পদক পেয়েছিলেন, সেই পথে এবার সঙ্গী হলেন মেয়ে হারমিলান বেইনস।
২১ বছর আগে এশিয়ান গেমসে হারমিলানের মা মাধুরী সিং ৮০০ মিটার ইভেন্টে রুপো পেয়েছিলেন। এবার গুয়াংজু এশিয়ান গেমসে মেয়ে হারমিলান সেই একই কৃতিত্ব দেখিয়েছেন। এটা সত্যিই অভিনব ঘটনা।
১৫০০ মিটার দৌড়েও রুপো জিতেছিলেন হারমিলান। পাঞ্জাবের হোসিয়ারপুরের ২৫ বছরের এই সুন্দরী অ্যাথলিটের এটাই প্রথম এশিয়ান গেমস। অভিষেকেই তিনি উজ্জ্বল। শুধু মা মাধুরীই নন, বাবা আমনদীপ বেইনসও একটা সাউথ এশিয়ান গেমসে ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন।
নিজের পছন্দের খাবার চিকেন ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাইয়ে হাত দেননি চার মাস হয়ে গেল। গেমসের লক্ষ্যেই নিজেকে ফিট করে গড়ে তুলেছিলেন। সেই লক্ষ্যে তিনি সফল। ১৫০০ মিটার দৌড়ের সময় অসুস্থ হয়ে গিয়েছিলেন। তারপরেও পদক জিতেছেন।
এমনকী ৮০০ মিটার দৌড়ের সময় স্টার্ট আপও ভাল করতে পারেননি। প্রথম ৪০০ মিটার পিছিয়ে ছিলেন। তারপরই বাকি ৪০০ মিটারে প্রতিপক্ষদের টলিয়ে রুপো নিশ্চিত করেছেন হারমিলান।
২০২০ সালে খেলো ইন্ডিয়া মিটে দুটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জেতেন। তারপরেই উল্কার মতো উত্থান হারমিলামের। বাবা-মায়ের মতোই তিনিও হয়ে উঠেছেন অ্যাথলেটিক্সে ভারতের ভরসা।