
শেষ আপডেট: 4 July 2024 20:13
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের সময় হার্দিক পান্ডিয়াকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। সেইসময় গ্যালারি থেকে স্লোগান ওঠে, হার্দিককে সরিয়ে রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হোক। এবার মুম্বইয়ের পারফরম্যান্স পাতে দেওয়ার মতো ছিল না। মুম্বইয়ের দর্শকদের সব রাগ গিয়ে পড়েছিল হার্দিকের ওপর।
কয়েক মাসের ব্যবধান, এবার সেই হার্দিককেই বরণ করে নিল ওয়াংখেড়ে দর্শকরা। সমানে চিৎকার করেছেন দর্শকরা হার্দিকের নামে। ফাইনাল ম্যাচে হার্দিক তিনটি উইকেট নিয়েছেন আসল সময়ে। তাঁর বোলিংয়েই সূর্যকুমারের সেই অনবদ্য ক্যাচ।
কয়েকমাসের ব্যবধানে ওয়াংখেড়ের বিদ্রুপ বদলে গেল জয়োল্লাসে। হার্দিক হয়ে গেলেন সোনার ছেলে। তাঁকে নিয়ে রোহিত শর্মার সঙ্গে সংঘাতের কথা বলা হয়েছিল, কিন্তু বার্বাডোজে দেখা গিয়েছে, কাপ জয়ের পরে রোহিত স্নেহের চুম্বন করেছেন হার্দিককে।
ক্রিকেটই পাবে অতীতের বিদ্বেষ দূরে সরিয়ে রাখতে। তাই হার্দিক আগে যে পারেননি, সেটি ভুলে গিয়ে তাঁকেও সমানভাবে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। একটা ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলা, আর দেশের হয়ে সাফল্য আনা অনেক পার্থক্য সেটি বুঝিয়ে দিয়েছেন ওয়াংখেড়ের হাজার হাজার দর্শকরা।