
কাশভি গৌতম ও হার্দিক পান্ডিয়া
শেষ আপডেট: 13 April 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের ক্রিকেট প্রিমিয়ার লিগ (WPL) খেলা চলাকালীন প্রিয় ক্রিকেটার হার্দিকের সঙ্গে দেখা হয় কাশভি গৌতমের। সেই আলাপের ফাঁকেই কাশভির সতীর্থরা একযোগে জানান, হার্দিক তাঁর এতটাই প্রিয় যে, ব্যাটে লিখে রেখেছেন ‘এইচপি৩৩’ (HP33)। টিম ইন্ডিয়ার অলরাউন্ডারের নামের আদ্যক্ষর ও জার্সির নম্বর মিলিয়ে এই সংকেত-নাম।
তাঁর ভক্ত কাশভি, যিনি গুজরাত জায়ান্টসের হয়ে খেলেন, সম্প্রতি মেয়েদের জাতীয় দলে সুযোগ পেয়েছেন। বছর একুশের তরুণী খেলোয়াড়ের আনুগত্য দেখে আপ্লুত হার্দিক তাঁকে বিশেষ ব্যাট বানিয়ে ‘উপহারে’র কথা দেন। পাশাপাশি এও জানান, ওই ব্যাটের ওজন হবে ১ কিলো ১১০ গ্রাম (১১০০ গ্রাম)৷ কারণ হার্দিক নিজেও এই একই ওজনের ব্যাট নিয়ে খেলতে নামেন।
এরপর সময় গড়িয়েছে। কিন্তু নিজের আশ্বাসের কথা ভোলেননি হার্দিক পান্ডিয়া। স্রেফ সময়ের অপেক্ষায় ছিলেন। জাতীয় দলে কাশভি সুযোগ পেয়েছেন জেনেই তাঁর হাতে তুলে দেন সেই ব্যাট৷ সেটাও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার আগে। প্র্যাকটিসের পর হাজির হন কাশভি গৌতম। তখনই বিশেষ উপহার হাতে তুলে দেন হার্দিক। বলেন, ‘প্রথমবার (জাতীয় দলে) ডাক পাওয়ার জন্য শুভেচ্ছা। প্রথমে দেখে নাও। পছন্দ না হলে ফিরেও দিও।’
Hardik Pandya gifted a bat to the rising Superstar of Indian Women's cricket, Kashvee Gautam ????
— Johns. (@CricCrazyJohns) April 13, 2025
- Hardik met Kashvee during WPL & promised her to give a specific 1100 gram bat, A great gesture by MI Captain. pic.twitter.com/fwebavbqzD
চলতি বছরের শেষ পর্বে দেশে বসতে চলেছে মেয়েদের বিশ্বকাপের আসর। সেখানে দলে সুযোগ পেয়েছেন কাশভি গৌতম। সৌজন্যে মেয়েদের প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স। গুজরাত টিমের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ন'ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট৷ পাশাপাশি ব্যাট হাতেও দলকে ম্যাচ-জেতানো অনেকগুলি ইনিংস উপহার দেন।