
শেষ আপডেট: 21 November 2023 15:32
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে রবিবার অস্ট্রেলিয়ার কাছে হারের পরে ভারতের ১৪০ কোটি মানুষের হৃদয় বিদীর্ণ হয়েছে। কেউ ভাবতেই পারেনি একটা দল ১০টি ম্যাচ জেতার পরেও এভাবে হারতে পারে।
সব থেকে বড় বিষয়, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচের আগেরদিনই বলেছিলেন, তিনি চান আমদাবাদের এক লক্ষ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে দিতে চান। সেটাই হয়েছে কার্যত বিরাট কোহলির আউটের পরেই। সেদিন রবিবার ছিল বলে সবাই বাড়িতেই ছিলেন, টিভিতে দেখেছেন রোহিত-কামিন্সদের লড়াই। কিন্তু হারের পরে ভারতীয়দের মন মেজাজ বিগড়ে গিয়েছে।
প্রত্যাশার যা ফানুস ওড়ানো হয়েছিল, সেটি নিমেষে শেষ হয়ে গিয়েছে। একরাশ হতাশার মধ্যে সংস্থার কর্মীরা কী করে কাজ করবেন, সেটি ভেবেই গুরুগ্রামের এক কোম্পানির বস ছুটি দিয়েছিলেন।
ওই প্রাইভেট কোম্পানির এক শীর্ষ আধিকারিক অফিসের কর্মীদের মোবাইলে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়, তাঁদের অফিসে আসার দরকার নেই। শুধু তাই নয়, কর্মীদের সবেতন একদিনের ছুটি দেওয়া হচ্ছে সেটি ইমেলেও জানিয়ে দেওয়া হয়।
এই অভিনব সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় ওই কোম্পানির বসের প্রশংসা করেছেন অনেকেই। লেখা হয়েছে, হতাশার মধ্যে কাজ না করে বরং পরের দিন কিছুটা মন ভাল করে কাজে যোগ দেওয়াই ভাল বিষয়।
ওই কোম্পানির শীর্ষ আধিকারিক যে মেসেজটি করেছেন, তার স্ক্রিন শট ভাইরাল হয়ে গিয়েছে। লেখা হয়েছে, হাই টিম, বিশ্বকাপ ফাইনালে আমাদের দলের হারের প্রভাব কতটা গভীর হতে পারে, সেটি অনুমাণ করতে পারি। তাই এই কঠিন সময়ে কর্মীদের একদিনের ছুটি দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এই ছুটি সকলকে হতাশা কাটিয়ে নিজেদের দৃঢ়ভাবে ফিরতে সাহায্য করবে।’