
মুখোমুখি পরীক্ষা আজ ঋতুরাজ ও শুভমনের
শেষ আপডেট: 26 March 2024 14:22
দ্য ওয়াল ব্যুরো: দুই দলই যাকে বলে 'হাই-ভোল্টেজ'। একজন আইপিএলের সফলতম দল। পাঁচবারের চ্যাম্পিয়ন, সব মিলিয়ে দশবারের ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিংহ ধোনির বরফশীতল নেতৃত্ব। আর একদল সবেমাত্র আইপিএলে যোগ হয়েছে। কিন্তু প্রথম বছরেই চ্যাম্পিয়ন, দ্বিতীয় বছরের রানার-আপ হয়ে গুজরাত টাইটানসও রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। গত বছরের ফাইনালে আবার বিপক্ষ ছিলেন ধোনিরাই। ফলে করমণ্ডল উপকূলে, চিপকের মাঠে বল গড়ানোর আগেই চেন্নাই জুড়ে টিকিটের হাহাকার চলছে।
মহেন্দ্র সিংহ ধোনি এবারে অধিনায়ক নেই। নতুন দায়িত্ব নিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ওদিকে গুজরাতের অধিনায়কত্ব নিয়ে তুমুল জলঘোলা চলেছে। শেষে হার্দিক পাণ্ড্যকে মুম্বই তুলে নেওয়ায় নতুন দায়িত্ব নিয়েছেন শুভমন গিল। ফলে এবারের ম্যাচ দুই তরুণ অধিনায়কের বুদ্ধিরও পরীক্ষা। দুই অধিনায়কই প্রথম ম্যাচে লেটার পেয়ে পাশ করে এসেছেন। হিসেব করলে দেখা যাবে, মাত্র পাঁচবার মুখোমুখি হয়েছে তারা, যাতে তিন ম্যাচে জিতে এগিয়ে রয়েছে গুজরাত। অপেক্ষাকৃত বেশি স্কোরের দৌড়েও গুজরাতেরই পাল্লা ভারী।
চেন্নাইয়ের এবারের ব্যাটিং নিয়ে কোচ স্টিভেন ফ্লেমিং আশাবাদী। সাংবাদিক সম্মেলনে বলেছেন, বড় রান পাওয়াটা সমস্যা হবে না। একজন কেউ করুক বা অনেকে মিলে করুক, 'যেটা দরকার, ব্যাটারদের লক্ষ্য। তারা জানে, কী করতে হবে। আমাদের যথেষ্ট বড় লাইন-আপ আছে। চিন্তার কিছু নেই।' ঋতুরাজ, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলের পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা। যেটা দেখার, চেন্নাইয়ের টপ ও মিডল অর্ডারের প্রায় সকলেই গেইল বা কোহলির মত 'পাওয়ার হিটার' নন। জাতীয় দলে তাঁদের ভূমিকাও আলাদা। ফলে আইপিএলে তাঁদের দেখা যায় একেবারে চেনা ছকের বাইরে। এটা ফ্লেমিং দেখছেন ইতিবাচক হিসেবে। এতে করে আগে থেকে বোলারদের ঠাহর করতে অসুবিধে হয়, ফলে যে কেউ যে কোনও জায়গায় আচমকা খেলে দিতে পারেন। রাহানে বা শিবম দুবে এই তালিকায় বড় উদাহরণ। অতএব ফ্লেমিং বলছেন, 'আমি শুধু চাই, ওরা নিজেদের মতই খেলুক।'
গুজরাত অবশ্য চেন্নাইয়ের পিচ নিয়ে খানিক সমস্যায় পড়তে পারে। চিপকের উইকেট মোটের ওপর স্লো বলেই পরিচিত। আইপিএলের মত ফর্ম্যাটে বড় রান ওঠে না। বিশেষ করে অ্যাওয়ে দলকে বেশ ঝক্কিতে পড়তে হয়। কিন্তু সম্প্রতি সিএসকে কর্তারা এই নিয়ে নতুন পন্থা নিয়েছেন। গতবারেই যেমন চারটে আলাদা পিচ প্রস্তুত রাখা হয়েছিল। যাতে রাতে শিশির-টিশির পড়লেও যথেষ্ট তাজা থাকে, ব্যাটারদের সহায়ক হয়। এতে বিপক্ষ দলের স্ট্র্যাটেজিতে খানিক বদল আনতে হয়। গুজরাতের ক্ষেত্রে এটা অবশ্য লাভজনক হতে পারে। বিশেষ করে যেখানে টপ অর্ডারে শুভমনের সঙ্গে অভিজ্ঞ ঋদ্ধিমান থাকছেন। তারপর আসছেন পর পর সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর। ফলে আজ আইপিএলে মোটামুটি বেশ একটা রানের ঝড় দেখা যেতেই পারে। যদি না বড় ভূমিকা নেন বোলাররা।
ইতিমধ্যেই শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা চোট সারিয়ে ফিরেছেন অনুশীলনে। কিন্তু প্রথম ম্যাচে তাঁর বদলি হিসেবে নামা বাংলাদেশের মুস্তাফিজুর রহমান চার উইকেট তুলে নজর কেড়েছেন। এটাও সিএসকে ম্যানেজমেন্টের কাছে পরীক্ষা, পাথিরানাকে এবারে দেখে নেবেন নাকি মুস্তাফিজই খেলবেন। সাধারণত চেন্নাই নিতান্ত প্রয়োজন না হলে প্রথম একাদশ বদলায় না। ফলে মনে করা হচ্ছে, আজও মাঠে নামতে চলেছেন মুস্তাফিজই।