
শেষ আপডেট: 11 April 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো: গ্রেগ চ্যাপেলের পুরো পরিবার ক্রিকেট অন্তপ্রাণ। তাঁর দাদা মাইক ইয়র্ক রিচার্ডসনও ছিলেন ক্রিকেটার। তাঁর তিন নাতি গ্রেগ, ইয়ান ও ট্রেভর তিনজনই নামী ক্রিকেটার হয়েছেন। গ্রেগ ও ইয়ান তো কিংবদন্তি।
এমন একটা পরিবার থেকে উঠে এসেছেন, তারপরেও সেই পরিবারের এক ছেলে অস্ট্রেলিয়া বিমানবাহিনীর প্রধান। তাও আবার তিনি গ্রেগ চ্যাপেলের ছেলে। ভারতীয় প্রাক্তন ক্রিকেট কোচিং গুরু মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ের সেনাপতি। যিনি সৌরভকে দল থেকে বাদ দিয়ে নিজেই বিতর্ক ডেকে আনেন। অথচ সৌরভই অধিনায়ক থাকাকালীন গ্রেগকেই ভারতীয় দলের কোচ করে নিয়ে এসেছিলেন।
সেই সৌরভ যদি পরবর্তীকালে স্টিফেনকে আকাশপথে কিংবা বিমানবন্দরে দেখেন, তা হলে তাঁকে চিনতে পারবেন তো? কারণ সৌরভ ও গ্রেগ সম্পর্ক একেবারেই মধুর নন, সেই গ্রেগের ছেলের সঙ্গে দেখা হলে কথা বলবেন তো মহারাজ, সেটিও লাখ টাকার প্রশ্ন।
গ্রেগ চ্যাপেলের ছেলে স্টিফেন এই মুহূর্তে অস্ট্রেলিয়া বিমানবাহিনীর প্রধান পদে নিযুক্ত হয়েছেন। বাবার সঙ্গে নয় বছর বয়সে ‘টপ গান’ সিনেমাটি দেখে দেশের সশস্ত্রবাহিনীতে যোগদানের নেশা ধরেছিল। তারপর থেকে সেই স্বপ্নের পিছনে ছুটেছেন স্টিফেন। পরে আবার অস্ট্রেলিয়া এয়ারফোর্সে যোগদান করেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দফতরের এক্স হ্যান্ডল থেকে এই খবর প্রকাশ করে জানানো হয়েছে, স্টিফেন চ্যাপেল অস্ট্রেলিয়া এয়ারফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। গ্রেগ তারপরেই বিবৃতি দিয়েছেন, আমি এতদিনে ক্রিকেট থেকে যা অর্জন করেছি, তার থেকেও বেশি অর্জন করেছে আমার ছেলে। তাই ওকে আগামী দিনের শুভেচ্ছা।