
গ্রেগ চ্যাপেল
শেষ আপডেট: 3 May 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Baivab Suryabangshi) আইপিএল ২০২৫-এ সাড়া ফেলে দিয়েছে। ১৪ বছর বয়সি বৈভব গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে। যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম শতক।
বৈভবরে এই ইনিংসের পর গোটা ক্রিকেটবিশ্ব তাকে নিয়ে মেতে রয়েছে। এত অল্প বয়সে বৈভব যে পরিচয় তৈরি করেছে, তার প্রশংসা করছেন সকলেই। অনেকেই তাকে নিয়ে বলছেন, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির উত্তরসূরি পেয়ে গিয়েছে ভারত।
তবে এর মধ্যেই অনেকে মনে করিয়ে দিচ্ছেন, বিপুল প্রচারে যেন মাথা না ঘুরে যায় বিহারের এই কিশোর ক্রিকেটারের। তাকে ঠিক ভাবে লালন-পালন করা দরকার। কারণ এর আগে বেশ কিছু ক্রিকেটারের ক্ষেত্রে দেখা গিয়েছে, অল্প বয়সে সাফল্য পাওয়ার পর দীর্ঘায়িত হয়নি তাঁদের কেরিয়ার।
এবার বৈভব সম্পর্কে বিসিসিআইকে (BCCI) সতর্ক (Warns) করলেন ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল (Greg Chappel)। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতোই বৈভবকে সাবধানে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। তিনি তাঁর সতর্কবার্তায় বিসিসিআইকে পৃথ্বী শ (Pritvi Shaw) ও বিনোদ কাম্বলির (Vinod Kambli) উদাহরণ তুলে ধরেছেন।
টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল বিসিসিআইকে সতর্ক করে বলেছেন, বৈভব সূর্যবংশীকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শচীন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি এবং পৃথ্বী শ-এর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বৈভবকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। অন্যথায়, তার কেরিয়ারও নষ্ট হয়ে যেতে পারে।
চ্যাপেল বলেন, বৈভবের উচিত নিজের প্রতিভার জন্য সঠিক নির্দেশনা এবং সুরক্ষা পাওয়া। এটি কেবল বিপণনের জন্য ব্যবহার করা উচিত নয়।
উল্লেখ্য, বিনোদ কাম্বলি এবং শচীন তেন্ডুলকর একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন। দু’জনের প্রতিভার মধ্যে সেরকম কোনও পার্থক্য ছিল না বলে বিশেষজ্ঞদের অভিমত ছিল। তেন্ডুলকর বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠলেও কালের স্রোতে হারিয়ে যান কাম্বলি।
মাস্টার ব্লাস্টার তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে সকল ফরম্যাট (টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি) মিলিয়ে মোট ৩৪,৩৫৭ রান করেছেন। তিনি দেশের জার্সিতে টেস্টে ১৫,৯২১ রান এবং ওয়ানডেতে ১৮,৪২৬ রান করেছেন। পাশাপাশি একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০ রান করেছেন। সেখানে বিনোদ কাম্বলি ১৭টি টেস্ট ম্যাচে ১০৮৪ রান, ১০৪টি ওয়ানডেতে ২৪৭৭ রান করেন।
চ্যাপেল মনে করিয়ে দিয়েছেন পৃথ্বীর কথাও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক পৃথ্বী দেশের জার্সিতে দুরন্ত শুরু করেও আজ আলোচনা থেকে দূরে সরে গিয়েছেন।