
ক্রিস গেইল
শেষ আপডেট: 4 April 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে তাঁর নামে। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২০১৩ সালে করা অপরাজিত ১৭৫ রান এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। খেলেছেন বেঙ্গালুরু, পাঞ্জাব ও কলকাতার তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। টুর্নামেন্টের জলহাওয়ার সঙ্গে বরাবর পরিচিত ক্রিস গেইল। এখন ব্যাট তুলে রেখেছেন। কিন্তু ক্রিকেটে নজর অটুট। আর এরই সূত্রে ভারতের বর্তমান খেলোয়াড়দের বিশ্লেষণ, পর্যালোচনা করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। শুভমান থেকে সূর্যকুমার যাদব—সকলের নামের পাশে বসিয়েছেন নম্বর।
কে কত মার্কস পেলেন গেইলের খাতায়? প্রাক্তন ব্যাটসম্যান বলেন, ‘রুতুরাজ ৭, যশস্বী জয়সওয়ালকে আমি পুরো নম্বর দেব না… ৯ দেব, শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটারও ৯ পাবে। অভিষেক শর্মা, প্রতিভাবান, ওকে ৮ দেব। কেএল রাহুল ৮, সূর্যকুমার যাদব ৯, হার্দিক পান্ডিয়া ৭, শ্রেয়স আইয়ার ৮, ঋষভ পন্থ ৮।’
উদীয়মান, প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একদিকে আশার আলো দেখছেন গেইল৷ অন্যদিকে এমএস ধোনিকে নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন৷ তাঁর মতে, ফুরিয়ে যাননি মাহি। ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। বলেছেন, ‘আইপিএলের কদর অনেকখানি বাড়িয়েছে ধোনি। ওর এখনও অনেক দিন খেলে যাওয়া উচিত৷ লোকজন এই নিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে ভুল বার্তা যায়। ধোনির মতো মহান ব্যাটসম্যানকে নিয়ে এমন জিনিস করা উচিত নয়।’
এরপর এমএসডির ক্রিকেটীয় দক্ষতার বিশ্লেষণ করেছেন গেইল। বলেছেন, ‘উইকেটকিপার হিসেবে ধোনি এখনও অন্যতম সেরা। এখনও যথেষ্ট ক্ষিপ্র। এখন কীভাবে টিম ওকে ব্যবহার করে সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই দেখার বিষয়। সবাই আজও ধোনিকে দেখতে আসে। তাই ও ব্যাটিং অর্ডারে কোথায় নামছে তার তেমন কোনও মানে আমার কাছে নেই৷’