
গৌতম গম্ভীর
শেষ আপডেট: 18 June 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসেবে কলকাতাকে দুবার আইপিএল জিতিয়েছেন। ১০ বছর পর মেন্টর হিসেবে ফিরে এসে সেই কলকাতাকে তৃতীয় ট্রফিও দিয়েছেন গৌতম গম্ভীর। এরপরই কানাঘুষো শোনা যায় যে তাঁকেই ভারতীয় দলের কোচ হতে প্রস্তাব দিয়েছে বিসিসিআই। সেই জল্পনা ধীরে ধীরে সত্যি হওয়ার পথে। সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। মঙ্গলবারই হতে পারে তাঁর ইন্টারভিউ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় কোচ হওয়ার দৌড়ে গম্ভীর ছাড়া আর কেউই নেই। তিনি ছাড়া আর কেউ কোচ হওয়ার জন্য আবেদনও করেননি। শুরু থেকে বেশ কয়েকজন বিদেশি প্রাক্তন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছিল যারা নাকি ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আপাতত যা খবর, তাতে গৌতম গম্ভীরই একমাত্র কোচের পদে আবেদন করেছেন। আর মঙ্গলবারই তাঁর ইন্টারভিউ হতে পারে অনলাইনে।
ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি গৌতম গম্ভীরের ইন্টারভিউ নেবে। নতুন কোচের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই তার সময়সীমা শেষ হয়ে গিয়েছে ২৭ মে। সূত্রের খবর, শেষদিনই কোচের পদে আবেদন করেছিলেন গম্ভীর। বিসিসিআই তাঁকে কোচ করতে প্রথম থেকেই আগ্রহী ছিল। আর গম্ভীরের দেওয়া যাবতীয় শর্ত মেনে নিয়েছে তারা। তাই এখন শুধু সরকারি ঘোষণার অপেক্ষা।
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় যে কোচের পদ ছেড়ে দেবেন তা কার্যত নিশ্চিত। দ্রাবিড় নিজেই আর এই দায়িত্ব নিতে চাইছেন না বলে খবর। সেই প্রেক্ষিতে বলা যায়, টি-২০ বিশ্বকাপ শেষের পরই ভারতীয় দলের নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা হতে পারে।
আইপিএল শেষের কয়েকদিনের মধ্যেই একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছিল যে, গৌতম গম্ভীরের বোর্ডের সঙ্গে ৩ বছরের চুক্তি হয়ে গেছে। রাহুল দ্রাবিড়ের জায়গায় তাঁর কোচ হওয়া এবং নাম ঘোষণা হওয়াটাই শুধু বাকি। তবে সেই সময়ে জানা যায়, কলকাতা দলের মালিক শাহরুখ খান বাড়িতে ডেকে গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন যাতে তিনি মেন্টর পদ না ছাড়েন। কিন্তু ভারতীয় দলের কোচ হতে গেলে সেই পদ গম্ভীরকেই ছাড়তেই হবে।
এই পরিস্থিতিতে অনেকে ভেবেছিলেন গম্ভীর হয়তো কলকাতা ছাড়বেন না। কারণ এই দলের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন তা কারও অজানা নয়। কিন্তু এরই মাঝে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, আইপিএল ফাইনাল শেষে কেকেআর মেন্টর গম্ভীরের সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরেছিলেন বোর্ড সচিব জয় শাহ। তাঁর সঙ্গে কথা বলার সময়ই গম্ভীর দেশের হয়ে কিছু করতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন। তখনই স্পষ্ট হয়ে যায় যে গম্ভীর ভারতীয় দলের কোচ হতে আগ্রহী।