
ভারতীয় দলের জন্য এবার রণকৌশল সাজাচ্ছেন গম্ভীর।
শেষ আপডেট: 22 July 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: পদটি ছেড়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়। চাট্টিখানি কথা নয়। যতই গৌতম গম্ভীরকে নিয়ে হইচই হোক। রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতের জাতীয় দলের কোচ হয়ে এলে প্রত্যাশার পারদ তো চড়বেই। কলকাতা নাইট রাইডার্সের সদ্য-প্রাক্তন মেন্টর খুব ভালই জানেন সেটা। কিন্তু বাড়তি সুবিধে, কলকাতা থেকে সর্বভারতীয় দলের দায়িত্বে গেলেও কলকাতার ঘরের আবহটাই সঙ্গে নিয়ে যেতে চাইছেন গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনারের সঙ্গে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন কলকাতার অভিষেক নায়ার ও প্রাক্তন কেকেআর ক্রিকেটার রায়ান টেন দুশখাতে।
কী পরিকল্পনা তাঁর? মুম্বইতে এক সাংবাদিক সম্মেলনে গম্ভীর বললেন, 'দেখুন, এখন যেটা সবচেয়ে জরুরি, তা হল, দলের সকলের এটা বোঝা যে, কোচের সমর্থন তাঁদের প্রতি সবসময় আছে। আমি চাই একটা খুশির আবহে ভরা ড্রেসিংরুম। যাতে সবার নিরাপত্তা থাকবে। আমি কিন্তু একটা অত্যন্ত সফল দলের দায়িত্ব নিচ্ছি। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রানার্স আপ। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন। অনেক বড় জুতোয় পা গলাতে হবে। দেখা যাক কী হয়!
কলকাতা থেকে একেবারে সরাসরি ভারতের দলে চলে আসবেন অভিষেক ও রায়ান। দুই সতীর্থকেই দরাজ সার্টিফিকেট দিচ্ছেন গম্ভীর। বললেন, 'অভিষেক ও রায়ান, দু'জনের সঙ্গেই খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। কেকেআরে দু'জনেই সফল। ওরা দুজনেই খুব পেশাদার। আশা করি ভারতীয় দলেও ওরা সফল হবে।
টি২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি২০ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। গম্ভীর যদিও দু'জনের প্রতিই দরাজ। ওয়ান ডে ফর্ম্যাটে দু'জনেই ফিরছেন। গম্ভীর মনে করেন, এখনও অনেক কিছু দেওয়ার আছে তাঁদের। 'আমার বিরাটের সঙ্গে দারুণ সম্পর্ক', বললেন গম্ভীর। 'আমাদের নিয়মিত কথা হয়। ও বিশ্বমানের ব্যাটসম্যান। আমি অনেকবার এগুলো বলেছি। আমাদের দু'জনের কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে ভারতীয় দল ও একশো চল্লিশ কোটি ভারতীয় আমাদের নিয়ে গর্বিত হয়।'
সঙ্গে যোগ করেন, 'বিরাট ও রোহিত, দু'জনেরই অনেক কিছু দেওয়ার আছে এখনও। দু'জনেরই ক্রিকেট বাকি আছে অনেক। যে কোনও দল ওদের লুফে নিতে চাইবে। সামনে চ্যাম্পিয়নস ট্রফি আসছে। তারপর অস্ট্রেলিয়া সিরিজ। তারপর ফিটনেস থাকলে অবশ্যই ২০২৭ বিশ্বকাপের কথা ভাবব।'
কলকাতা নাইট রাইডার্সকে অধিনায়ক হিসেবে দুইবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। মেন্টর হিসেবেও গম্ভীরের নির্দেশনায় প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা। সঙ্গে ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ভারতীয় দলে অবশ্য কোনও 'চন্দু স্যার' থাকবেন না। সেখানে গম্ভীরই সর্বেসর্বা। শোনা যাচ্ছিল, সিনিয়রদের নিয়ে হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফিকেই চূড়ান্ত পরীক্ষা বলে ধরা হবে। তাতে পারফর্ম করতে না পারলে একাধিক সিনিয়রকে বসিয়ে দিতে পারেন গম্ভীর। জল্পনা এমনই বাড়ে যে, বিশ্বকাপ জিততেই তড়িঘড়ি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে সরে দাঁড়াতে থাকেন বিরাট, রোহিতরা। কিন্তু গম্ভীরের কথাতেই পরিষ্কার, বিরাট ও রোহিতকে নিয়ে এখনও তিনি ভাবছেন। অস্ট্রেলিয়া সফরে তাঁদের অভিজ্ঞতার ওপরেই ভরসা করবেন তিনি।